
জীববৈচিত্র্য পর্ষদের উদ্যোগে ভেষজ উদ্যান সল্টলেকে
পরিবেশ দূষণ রোধে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যেই সচেতন নাগরিকদের প্রশংসা লাভ করেছে। এরই মধ্যে পরিবেশ দপ্তর উদ্যোগ নিয়েছে ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার আর কালিম্পং-কে ‘সবুজ জেলা’ হিসেবে গড়ে তুলতে। এর পাশাপাশি নির্মাণের দূষণ রুখতে আগামী ৯ জানুয়ারি পরিবেশ দপ্তরে একটি বৈঠকও ডাকা হয়েছে।
জানা গেছে, বনায়নের সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ ইলেকট্রিক বাস, ই-রিক্সার মতো পরিবেশ-বান্ধব যানের সংখ্যা বাড়ানো হবে। প্লাস্টিকের ব্যবহার যাতে বন্ধ হয়, তার জন্য নেওয়া হবে পদক্ষেপ। ১৫ বছরের বেশি সময় ধরে রাস্তায় চলছে, এমন সব গাড়িকে নিষিদ্ধ করা হবে। ইতিমধ্যেই জল পরীক্ষার জন্য সারা রাজ্যে ২০০টি যন্ত্র বসানো হয়েছে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে নাগরিকদের পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহী বানানোর জন্য নির্দেশ দিয়েছে পুরসভাগুলিকে। প্রত্যেক পুরসভায় তার জন্য ৩০-৪০ হাজার ব্যাগ দেওয়া হয়েছে পরিবেশ দপ্তর থেকে। এই মাসেই কলকাতার পথে নামবে ২০টি ইলেকট্রিক বাস।
সল্টলেকের পরিস্থিতিকে এবার পরিবেশ দপ্তর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। বায়ুদূষণ মাপার যন্ত্র বসানোর পাশাপাশি উপনগরীতে জীববৈচিত্র্য পর্ষদের তরফ থেকে তৈরি করে দেওয়া হবে ভেষজ উদ্যান। তারজন্য জমি দিতে হবে বিধাননগর পুরনিগমকে।
