
প্রয়াত একালের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা প্রসেনজিৎ বর্ধন
‘রাজা লিয়র’ নাটকে দুজনেই ছিলেন স্বমহিমায়। তাঁদের একজন ইহকালের মায়া কাটিয়ে চলে গেলেন দুদিন আগেই — সৌমিত্র চট্টোপাধ্যায়। আরেকজন একালের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী অভিনেতা প্রসেনজিৎ বর্ধন। আজ সকালে তিনিও প্রয়াত হলেন। পায়ের সমস্যায় ভুগছিলেন বেশ কয়েকদিন ধরেই। তারপর আবার বাধ সেধেছিল জন্ডিস। কাউকে না জানিয়ে,খানিক আড়ালে, নিঃশব্দে, শেষ নাটকের প্রচার করে শূন্যে আরও শূন্যে পাড়ি দিলেন অভিনেতা প্রসেনজিৎ বর্ধন।

‘পন্তু লাহা’, ‘ডানা’, ‘মুম্বাই নাইটস’ ইত্যাদি প্রযোজনায় তুমুল জনপ্রিয়তার পরেও থিয়েটারে তিনি ছিলেন ঘরের মানুষটি। লকডাউনে থিয়েটারকর্মীদের অবস্থা শোচনীয় থাকায় বারবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেছেন পাশে থাকার। বন্ধুদের কাঁধে হাত রেখে বলেছেন, ‘পাশে আছি ভাই’।
গতকাল নিজের শেষ থিয়েটার প্রযোজনা ‘লাস্ট সাপার’-এর প্রচারও করেছিলেন। আজ সকালে হঠাৎ করেই কেমন করে সব নিভে গেল। ভালো থাকবেন প্রসেনজিৎ বর্ধন।
