
শুক্রবার নবান্নে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন এই লোগোটির
রাজ্যের নিজস্ব লোগো সরকারিভাবে উদ্বোধন করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার নবান্নে রাজ্যের নতুন লোগোর স্বীকৃতি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই উদ্বোধনপর্বটি সম্পন্ন হয়। খোদ মুখ্যমন্ত্রীই ডিজাইন করেছেন এই লোগোর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার সত্তর বছর পর রাজ্যের নিজস্ব পরিচায়ক লোগো হল। তা একই সঙ্গে গর্বের ও আনন্দের। তাঁর কথায়, ‘এটা ঐতিহাসিক মুহূর্ত। এবার লক্ষ্য রাজ্যের নাম পরিবর্তন।’
গত বুধবারই কেন্দ্রের স্বীকৃতি এসে পৌঁছেছিল। অশোক স্তম্ভের বদলে এবার থেকে সরকারি নানা ক্ষেত্রে ব্যবহৃত হবে এই লোগোই। ইতিমধ্যেই ভারতের বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্নাটক, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, সিকিমের নিজস্ব লোগো রয়েছে। এবার সেই দলে নাম লেখাল পশ্চিমবঙ্গও।
