
মানুষখেকো এই বাঘিনীটি হত্যা করেছে চারজনকে
বিবিসি সূত্রে খবর, চারজন মানুষের প্রাণ কেড়ে নেয়ায় দুই বছর বয়সী এক মানুষখেকো বাঘিনীকে হত্যার পরোয়ানা বহাল রেখেছে মহারাষ্ট্র আদালত। এর আগে, গত ২৩শে জুন এটিকে হত্যার জন্য নির্দেশ জারি করে মহারাষ্ট্রের বন বিভাগ। কিন্তু মহারাষ্ট্রের আদালতে এই নির্দেশ চ্যালেঞ্জ করে পশু অধিকার কর্মীরা।
গত জুলাই মাসে মহারাষ্ট্রের ব্রাহ্মপুরিতে বাঘিনীটি দুজন মানুষকে হত্যা করে। এটির আক্রমণে আহত হয় আরো চারজন। এরপর বন বিভাগের হাতে ধরা পড়ে এটি। কিন্তু রেডিও কলার পরিয়ে একে আবার একটি টাইগার রিজার্ভে ছেড়ে দেয়া হয়। কিন্তু ছাড়া পাওয়ার পর এই বাঘিনীর হামলায় নিহত হয়েছে আরো দুজন মানুষ। এরপরই বন বিভাগ এটিকে গুলি করে হত্যার নির্দেশ দেয়। কিন্তু আদালতে সেটি চ্যালেঞ্জ করেন পশু অধিকার কর্মী জেরিল বানাইট। তাদের যুক্তি ছিল, এটিকে গুলি করে না মেরে চেতনানাশক বুলেট ছুঁড়ে ধরা হোক। তারপর দূরের কোনো জঙ্গলে ছেড়ে দেয়া হোক।
কিন্তু এই মানুষখেকো বাঘিনী নিয়ে ইতোমধ্যে পুরো অঞ্চলে আতঙ্ক তৈরি হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, কালা নামের এই বাঘিনী গত ২৯শে জুলাই সংরক্ষিত বনে ঢোকার পর এ পর্যন্ত পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। রেডিও কলার দিয়ে এটি গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
