থ্যালাসেমিয়া সচেতনতার ভিডিও বানিয়ে নজির গড়ল এনআরএস

রাজ্যে প্রথম সরকারি হাসপাতালের উদ্যোগে রক্তরোগ নিয়ে ভিডিও

৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে দু’টি ভিডিও ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অর্থসাহায্যে এই ভিডিও তৈরি করেছেন এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগের চিকিৎসকরা। আমাদের রাজ্য প্রথমবার সরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্যোগে তৈরি হল এই থ্যালাসেমিয়া সচেতনতার ভিডিও।

দু’টি ভিডিওর একটি সাড়ে চার মিনিটের এবং আরেকটি আরও ছোটো। বড়ো ভিডিওতে বিয়ের আগে রক্তপরীক্ষার আবেদন জানিয়েছেন অভিনেতা সোহম এবং শ্রাবন্তী। থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক মা তাঁর নিজের কথা জানিয়েছেন। রয়েছে থ্যালাসেমিয়া নিয়ে কাজ করা চিকিৎসক ও গবেষকদের বক্তব্যও। প্রথমে ভিডিও দু’টি এনআরএসের ওয়েবসাইটে রাখা হবে। স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটেও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এনআরএসের চিকিৎসকরা স্বাস্থ্য দপ্তরের অনুমতি নিয়ে একটি ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিওগুলো রাখার ব্যবস্থা করছেন। এছাড়া হোয়াটসঅ্যাপেও পাঠানো হবে সেগুলো। 

Developed by DXDasia