পুরুলিয়ায় কাঁসাই নদীর গর্ভে মিলল প্রাচীন জৈন মন্দির

নদীর গতিপথ বদলে যাওয়ায় তলিয়ে গিয়েছিল এই স্থাপত্য

হাজার বছরের পুরোনো টেরাকোটার স্থাপত্য খুঁজে পাওয়া গেল কংসাবতী নদীর গর্ভে পলি-বালির নিচে। গ্রামবাসীদের কাছে খবর রটে যায়, নদীর তলায় গুপ্তধনের খোঁজ মিলেছে। ফলে, শোরগোল পড়ে যায় চারদিকে। গবেষকরা জানিয়েছেন, পোড়া ইটের ওই কাঠামো আসলে প্রাচীন জৈন স্থাপত্য। নদীর গতিপথ বদলে যাওয়ায় এই স্থাপত্য কাঁসাইয়ের গর্ভে বিলীন হয়ে গেছে। 

পুরুলিয়ার আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের তুম-ঝালদা অঞ্চলে এই প্রাচীন স্থাপত্য পাওয়া গেছে বৃহস্পতিবার। নদী পারাপার করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা এটির খোঁজ পান। শুক্রবার লোকসংস্কৃতি গবেষক এবং জৈন সংস্কৃতি সংরক্ষক সেই টেরাকোটার কাঠামো নিরীক্ষণ করে জানান, এটি জৈন স্থাপত্য। তিনি মনে করেন, এই স্থাপত্য দেউল রীতির। সম্ভবত দশম-একাদশ শতাব্দীতে এটি তৈরি হয়েছিল। এখানে খননকার্য চালানোর দাবিতে আজ গ্রামবাসীরা বিডিওর কাছে যাচ্ছেন।

প্রাচীন জৈন সংস্কৃতির এক কেন্দ্র গড়ে উঠেছিল পুরুলিয়ায়। বেশ কিছু প্রাচীন জৈন স্থাপত্যের নিদর্শন ছড়িয়ে আছে কংসাবতীর তীরে নানা জায়গায়। যেখানে এই টেরাকোটার স্থাপত্য পাওয়া গেছে, তার খুব কাছেই দেউলঘাটা। সেখানে দেউল রীতির তিনটি মন্দিরের মধ্যে একটি ধসে পড়েছে। বাকি দু’টি মন্দির দেখতে এখনো পর্যটকরা ভিড় জমান। 
 

Developed by DXDasia