হেনস্থার বিরুদ্ধে মহিলাদের রুখে দাঁড়ানোর পাঠ দিল কলকাতা পুলিশ, দেখুন ভিডিও

শেষ হল পাঁচ দিনের কর্মশালা ‘তেজস্বিনী’

রাস্তাঘাট হোক বা বাড়ি, অসভ্যতার শিকার হলে ভয় না পেয়ে কীভাবে তার মোকাবিলা করতে হবে, মহিলাদের তারই প্রশিক্ষণ দিলেন কলকাতা পুলিশের অভিজ্ঞ ট্রেনাররা। ৫ দিনের ‘তেজস্বিনী’ কর্মশালায় যোগ দিয়েছিলেন ২০০ জন বীরাঙ্গনা। 

এই কর্মশালায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন প্রায় ৬০০ জন আগ্রহী। তাঁদের মধ্য থেকে ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড’ ভিত্তিতে ২০০ জনকে এবারের কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়। অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে ৪০-এর মধ্যে। তবে, যারা এবার সুযোগ পেলেন না, তাঁদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। কলকাতা পুলিশ এরপর ঘনঘন ‘তেজস্বিনী’ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করতে চলেছে। সব ক’টি শিবিরেই মহিলারা যোগ দিতে পারবেন একেবারে বিনামূল্যে। 

২৩ থেকে ২৭ নভেম্বর লালবাজারের কমিউনিটি পুলিশ শাখার দায়িত্বে আয়োজিত কর্মশালায় মার্শাল আর্টের প্রশিক্ষণ তো ছিলই, তার সঙ্গে স্বাস্থ্যকর খাদ্যের অভ্যাস, গুড টাচ-ব্যাড টাচের পার্থক্য, মহিলাদের আইনি অধিকার সংক্রান্ত প্রাথমিক সচেতনতা গড়ে তোলার কাজও হয়েছে সেখানে। 

কলকাতা পুলিশ এবার মার্শাল আর্টের প্রশিক্ষণ কেন্দ্রও চালু করতে চলেছে। বুধবার ‘তেজস্বিনী’ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে তার শিলান্যাস করা হল। অনুষ্ঠানে হাজির ছিলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা, বিসিসিআই সভাপতি তথা ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রশিক্ষণে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন অতিথিরা। ৫ দিনের কর্মকাণ্ডের একটি ভিডিও উপহার দিয়েছে কলকাতা পুলিশ। লিংকে ক্লিক করে দেখুন সেই ভিডিও। 

Developed by DXDasia