আবার মহিলাদের আত্মরক্ষার পাঠ দিচ্ছে কলকাতা পুলিশ

২০টি জায়গায় দেওয়া হবে প্রশিক্ষণ

শুধু মহিলা পুলিশরাই নন, কলকাতা পুলিশের থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে পারবেন যে কোনো মহিলা। এর আগেও শহরের একটি জায়গায় মহিলাদের আত্মরক্ষার ট্রেনিং দেওয়া হয়েছিল। এবার আরও বড়ো করে মহানগরের ২০টি জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

কলকাতা পুলিশের এই প্রকল্পের নাম ‘তেজস্বিনী’। যাঁরা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক, তাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন, কিংবা থানায় গিয়েও আবেদন জমা দিতে পারবেন। কবে কোথায় ট্রেনিং দেওয়া হবে, আবেদন করলে তা জানিয়ে দেবে কলকাতা পুলিশ। এছাড়া, মহিলা পুলিশদের জন্যও থাকছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। 

ভারতের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় মহিলারা অনেক বেশি নিরাপদ। ন্যাশানাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী কলকাতায় সংঘটিত অপরাধের সংখ্যা দেশের অন্য যে কোনো বড়ো শহরের থেকে অনেক কম। তা সত্ত্বেও মহিলাদের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখতে চায় না কলকাতা পুলিশ। সেই কারণেই এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। 
 

Developed by DXDasia