রেশন না-পেয়ে অনাহারে মারা গেল কিশোরী

আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না-থাকায় রেশন দেওয়া হয়নি তার পরিবারকে

ঝাড়খণ্ডের সিমডেগা জেলায় আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্তিকরণ না করানোয় রেশন না পেয়ে অনাহারে মৃত্যু হয়েছে এক ১১ বছরের বালিকার। দুই সপ্তাহ ধরে অনাহারে ভুগে শরীর অসুস্থ হয়ে পড়েছিল মেয়েটি। গত একমাস ধরে বারবার চেষ্টা করেও রেশন পায়নি পরিবার।

অভিযোগ, আধার কার্ড সংযুক্ত না থাকায় তাদের রেশন দেওয়া হয়নি। দুর্গাপুজোর মরশুম চলায় স্কুল বন্ধ ছিল বেশ কিছুদিন। ফলে মিড ডে মিল মেলেনি। এক স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগ, মৃত্যুর আগের আটদিন প্রায় কিছুই খায়নি সন্তোষী কুমারী। সন্তোষীর পরিবার সিমডেগার করিমতী গ্রামের বাসিন্দা। সে গত ২৮ সেপ্টেম্বর মারা গিয়েছে।

জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী ভর্তুকিযুক্ত রেশন পাওয়ার কথা। তবে সেটাও সন্তোষীর পরিবার পায়নি। গত ছয়মাস ধরেই স্থানীয় রেশন ডিলার সন্তোষীর পরিবারকে রেশন দেওয়া নিয়ে গড়িমসি করেছে। কারণ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো নেই।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট বারবার নিজের রায় ও পর্যবেক্ষণে বলেছে যে সরকারি সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। বিশেষ করে খাদ্য সংক্রান্ত সরকারি সুবিধার ক্ষেত্রে। তারপরও কীভাবে রেশন দোকানের মালিক এই নিয়ে কড়াকড়ি করে, যার ফলে একটি বালিকাকে অনাহারে প্রাণ দিতে হল, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

Developed by DXDasia