ক্যানসার রোগীর জন্য নিজের চুল কেটে ফেলল কিশোরী

নিজের ২৮ ইঞ্চি লম্বা বেণী কেটে মুম্বইয়ে পাঠিয়ে দেয় ১৬ বছরের জিয়া

মুম্বই-এর এক ক্যানসার-আক্রান্ত রোগীর কথা শুনেছিল সে, যিনি কেমোথেরাপির ফলে মাথার সব চুল পড়ে যাওয়ায় অবসাদে ভুগছিলেন। জানতে পেরে, রাজস্থানের কোটার বাসিন্দা জিয়া মেহতা নিজের লম্বা বেণী কেটে দান করল এক স্বেচ্ছাসেবী সংস্থাকে।

জিয়ার বয়স মাত্র ১৬ বছর। ক্লাস টুয়েলভের ছাত্রী সে। জিয়ার কথায়, ‘আমি ইন্টারনেটের মাধ্যমে জানতে পারি, ক্যানসারের কারণে ওই মহিলা সাংঘাতিক ডিপ্রেশনে ভুগছেন। তাঁর মাথার সমস্ত চুল পড়ে যাওয়ায় তাঁর মধ্যে মারাত্মক ইনফিরিওরিটি কমপ্লেক্স কাজ করছে। এই ঘটনা আমার মন ছুঁয়ে যায়। আমি ঠিক করি ওই মহিলার মুখে হাসি ফোটাব।’ তারপরেই, কীভাবে সাহায্য করা যায়, এ-ব্যাপারে ইন্টারনেটে খোঁজখবর করতে শুরু করে জিয়া। আর এভাবেই জানতে পারে ‘মাদাদ’-এর কথা।

‘মাদাদ’ হল একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যারা ক্যানসার রোগীদের নকল চুল অর্থাৎ উইগ দেয়। এ-কথা জানার পরেই নিজের ২৮ ইঞ্চি লম্বা বেণী কেটে মুম্বইয়ে ওই সংস্থার কাছে কুরিয়ার করে পাঠিয়ে দেয় ১৬ বছরের জিয়া।

মাথায় চুল নেই দেখে, প্রথমে সবাই ব্যঙ্গ করে জিয়াকে। কিন্তু উদ্দেশ্য জানার পর, সবাই প্রশংসায় ভরিয়ে দেয় তাকে। জিয়া নিজেও উচ্ছ্বসিত বন্ধু ও শিক্ষকদের এমন প্রতিক্রিয়া পেয়ে।

Developed by DXDasia