শিশু নির্যাতন রুখতে ‘গুড টাচ-ব্যাড টাচ’ শেখানো হবে স্কুলেই

এই শিক্ষার দায়িত্ব নিয়েছে ‘চাইল্ড রাইটস অ্যান্ড ইউ’

শিশুদের যৌন হেনস্থার মোকাবিকা করতে অভিনব পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। অস্বস্তিকর কোনো ব্যবহারের মুখোমুখি হলে শিশুরা যাতে সাহসের সঙ্গে ‘না’ বলতে পারে, তার শিক্ষা দেওয়া হবে স্কুলেই। গল্পের ছলে পড়ুয়াদের বোঝানো হবে, কোন স্পর্শ ভালো, আর কোন স্পর্শ খারাপ।

শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুপ্রিম কোর্টের গাইডলাইন, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের রিপোর্ট ও পরামর্শ, নানান ব্যক্তি ও সংস্থার সুপারিশের ওপর ভিত্তি করে চলতি বছর গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। সেখানেই পড়ুয়াদের যৌন হেনস্থা নিয়ে সতর্ক করতে বিশেষ ক্লাসের কথা বলা হয়েছে। এই শিক্ষা দেওয়া দায়িত্ব নিয়েছে ‘চাইল্ড রাইটস অ্যান্ড ইউ’ বা ‘ক্রাই’। 

সরকারি-বেসরকারি সব স্কুলকেই এই গাইডলাইন মেনে চলতে হবে। আইসিএসই, সিবিএসই বোর্ড কিংবা সংখ্যালঘু পরিচালিত স্কুলগুলি দরকার হলে খানিক পরিবর্তন করে এই সুপারিশ গ্রহণ করতে পারবে। তবে, যৌন হেনস্থার বিরুদ্ধে শিশুদের প্রাথমিকভাবে সচেতন করার দায়িত্ব অভিভাবকদেরই।

শুরুতে রাজ্যের ৬ জেলার ৩০০টি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পরীক্ষামূলকভাবে ভালো এবং মন্দ স্পর্শ নিয়ে সচেতনতার ক্লাস শুরু করবে সরকার। তারপর রাজ্যের অন্যান্য স্কুলেও তা চালু করা হবে। গাইডলাইনে বলা হয়েছে, প্রধান শিক্ষকরা নির্দিষ্ট সময় অন্তর এই ক্লাসের আয়োজন করবেন। প্রতি ৩ মাস পর পর ক্লাসের অগ্রগতি নিয়ে শিক্ষা দপ্তরকে রিপোর্ট পাঠাতে হবে। প্রথম শ্রেণি অর্থাৎ ৬ বছর বয়সের আগে কোনো ছাত্রছাত্রীকে এই ক্লাসে রাখা যাবে না। 

Developed by DXDasia