১৯৪৬ সালে টাটা এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনালে পরিণত হয়

বলা ভালো ঘরে ফিরছে এয়ার ইন্ডিয়া। ‘ইটি নাউ’ এর খবর অনুসারে টাটা গোষ্ঠী কিনে নিতে চলেছে প্রায় ৫০,০০০ কোটি ঋণের বোঝা মাথায় নিয়ে ধুকতে থাকা এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।এই ব্যবসা শুরু করেছিলেন জে আর ডি টাটা ১৯৩২ সালে। প্রথম উড়ানটি জে আর ডি নিজেই করাচি থেকে মুম্বইয়ের জুহু উড়িয়ে নিয়ে এসেছিলেন। তখন নাম ছিল টাটা এয়ারলাইনস। ১৯৪৬ সালে টাটা এয়ারলাইনস এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনালে পরিণত হয়। আর ১৯৫৩ সালে ভারত সরকার জাতীয়করণ করে এই সংস্থা।

সম্প্রতি অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু এই সংস্থার বিক্রির বিষয়ে তাঁদের পরিকল্পনার কথা জানিয়েওছেন। কেন সংস্থাটি বিক্রি করে দিতে চায় কেন্দ্র? প্রধান কারণ বহু চেষ্টা করে, হাজার হাজার কোটি টাকা ঋণ দিয়েও গত ১০ বছরে লাভের মুখ দেখেনি এই সংস্থা। ১০ বছর আগে অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রের ৩৫ শতাংশ এয়ার ইন্ডিয়ার দখলে থাকলেও, এখন তা কমে দাঁড়িয়েছে ১৪ শতাংশে। বাজারের নিরিখে দেশের অভ্যন্তরীণ বিমান সংস্থাগুলির মধ্যে এয়ার ইন্ডিয়া এখন তৃতীয় স্থানে। প্রথমে রয়েছে ইন্ডিগো। তাদের দখলে ৪০ শতাংশ বাজার। ১৬ শতাংশ বাজার নিয়ে দ্বিতীয় স্থানে জেট এয়ারওয়েজ। সূত্রের খবর টাটা গোষ্ঠী পুনরায় এই সংস্থা ফিরে পেতে খুবই আগ্রহী। তবে মাথা ব্যথার কারণ ঋণের বোঝা নিয়ে। যদিও সব পক্ষই আশা করছে পথ একটা বেরোবে।

Developed by DXDasia