ওষুধ-প্রতিরোধী জীবাণুকেও ঘায়েল করছে তেঁতুল পাতা

রাজ্য প্রাণী ও মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গবেষণা

ওষুধের ক্রিয়াকে প্রতিরোধ করার শক্তি অর্জন করে ফেলেছে বেশ কিছু ক্ষতিকারক ব্যাকটেরিয়া। বেয়াড়া এইসব জীবাণুর সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে ডাক্তার এবং গবেষকদের হিমসিম খেতে হয়। সম্প্রতি বাংলার একদল বিজ্ঞানী তেঁতুল পাতার মধ্যে এমন কিছু উপাদানের খোঁজ পেলেন, যেগুলোর সাহায্যে এই সাংঘাতিক ব্যাকটেরিয়াগুলোকেও খতম করা সম্ভব।

বেলগাছিয়ায় রাজ্য প্রাণী ও মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দেখিয়েছেন, সেপটিক আর্থ্রাইটিসের মতো জটিল রোগের জীবাণুকে ধ্বংস করতে পারে তেঁতুল পাতার অ্যালকোহলিক নির্যাস। সেপটিক আর্থ্রাইটিস সংক্রমিত খরগোসের শরীরে ইথাইল অ্যালকোহলের সঙ্গে তেঁতুল পাতার মিশ্রণের নির্যাস প্রয়োগ করে দেখা গেছে, জীবাণু নিকেশ তো হয়ই, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। এবার মানুষের দেহেও এই নির্যাস প্রয়োগ করে দেখা হবে।

রাজ্য প্রাণী ও মৎসবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি এবং টক্সিকোলজি বিভাগের অধ্যাপক তাপসকুমার সরের তত্ত্বাবধানে একদল গবেষক এই নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘স্প্রিঞ্জার নেচার’ নামের বিশ্বখ্যাত প্রকাশনাগোষ্ঠীর ‘বিএমসি কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন’ পত্রিকায়। আন্তর্জাতিক এই বিজ্ঞানপত্রিকা সারা পৃথিবীর গবেষণামহলে সমাদৃত। 
 

Developed by DXDasia