ধর্মতলার বুকে আবারও সেজে উঠেছে মেট্রো, কেবল এবার একটু অন্য সাজে

ঠিকানা ৫ চৌরঙ্গী রোড, ধর্মতলার বুকে দাঁড়িয়ে থাকা হেরিটেজ বিল্ডিং। মেট্রো সিনেমা হল। কলকাতার অন্যতম নামি ইউনিপ্লেক্স। সাল ১৯৩৫। মেট্রো গোল্ডেন মেয়ার কম্পানির হাতে প্রতিষ্ঠা এই থিয়েটারের। ধর্মতলার অন্যতম বনেদি জায়গায় এই হল অবহেলায় বন্ধ পড়ে থেকেছে বহুদিন। অথচ তার নামে এই এলাকার নাম হয়েছে মেট্রো। বাস এসে লোক নামিয়েছে মেট্রো ডাক দিয়ে। কত মানুষ দেখা করেছেন এই ঠিকানায়। এরপর মুম্বাইয়ের একটি ফার্ম কিনে নেয় এই থিয়েটার। পুনঃনির্মাণ শুরু হয় হলের। সম্প্রতি মেট্রো সেন্ট্রাল নামে খোলা হয় একটি মাল্টিপ্লেক্স ও শপিং কমপ্লেক্স। যার বাইরেটা রেখে দেওয়া হয়েছে হুবহু ঐতিহ্যশালী মেট্রো সিনেমার মতো। কেবল ভেতর থেকে বদলে গেছে সবকিছু। যেভাবে মানুষ বদলায়। সে যাক, বদলে গিয়েও কোথাও যেন বেঁচে উঠল এই হল। মধ্য কলকাতার বিখ্যাত এই ল্যান্ডমার্ক মুছে যাওয়া থেকে বেঁচে গেল এ’যাত্রায়। ১৯৩৪ সালে বিভারলি হিলে মেট্রো গোল্ডেন মেয়ার নামক মার্কিনি কোম্পানি তাঁদের নিজেদের সিনেমা প্রোমোট করতে ব্রিটিশ রাজত্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কলকাতায় শুরু করেন এই হল। এলিট ব্রিটিশ শহর হিসাবে কলকাতায় তখন বলিউডি সিনেমার চাহিদা তুঙ্গে। থমাস ডব্লিউ ল্যাম্ব নামক নিউইয়র্কের এক বিখ্যাত থিয়েটার স্থপতির নকশায় নির্মিত হয় এই হল। ১৯৩৫ সালে ‘ওয়ে আউট ওয়েস্ট’ সিনেমার স্ক্রিনিং দিয়ে শুরু হয় পথচলা। ১৯৪০ নাগাদ লাইটহাউজ-এর উত্থানের পূর্বে পর্যন্ত এই হলই ছিল কলকাতার আধুনিকতম হল। ব্রিটিশ রাজত্বে কলকাতানিবাসী ব্রিটিশ এলিটদের ভিড়ে এই হল প্রতি শো-এ হাউজফুল হয়ে ধীরে ধীরে হয়ে ওঠে মানুষের অন্যতম আকর্ষণ। স্বাধীনতা পরবর্তী সময়ে পশ্চিমী সিনেমার খ্যাতি কমে আসে কলকাতায়। ষাটের দশকে ইউরোপীয় মানুষেরা কলকাতা ছেড়ে ফিরে যেতে থাকেন তাঁদের জন্মভূমিতে। ধীরে বলিউড ও টলিউড প্রবেশ করে এই সিনেমা হলে। বাড়তে থাকে খ্যাতি। ধর্মতলা হয়ে ওঠে কলকাতার বিনোদনের রাজধানী।

আরও পড়ুন
টকি-কথা ৩

২০০০ পরবর্তী বাণিজ্যিক জোয়ারে ধীরে পিছিয়ে পড়তে থাকে মেট্রো। সঠিক তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের অভাবে কমে আসে তার ঔজ্জ্বল্য। ম্লান হয়ে আসে উপস্থিতি। ধীরে টিকিট বিক্রি কমে আসে ইউনিপ্লেক্সের। এরপরও প্রায় ১১ বছরের লড়াই শেষে ২০১১ সালে অবশেষে বন্ধ হয়ে যায় এই সিনেমাহল। ২০১২ সালে কলকাতা মিউনিসিপাল করপোরেশনের হেরিটেজ কমিশন নিলামে তোলে এই হেরিটেজ বিল্ডিং। মুম্বাইয়ের একটি ফার্ম কিনে নেয় এই সম্পত্তি। তাঁদের পরিকল্পনা অনুযায়ী এটিকে ছ’তলা মাল্টিপ্লেক্সে পরিণত করা হয়। সব বদলে গেলেও হলের ঐতিহ্যশালী সম্মুখদ্বার ও সিঁড়িটি রেখে দেওয়া হয় হুবহু এক। ২০১৫ নাগাদ শুরু হওয়া পুনঃনির্মাণের কাজ এসে শেষ হয় ২০১৮-এ। সম্প্রতি উদ্বোধন হয় মেট্রো সেন্ট্রাল যার ৩টি তলা জুড়ে দোকান ও একটি তলায় মাল্টিপ্লেক্স। ধর্মতলার বুকে আবারও সেজে উঠেছে মেট্রো। কেবল এবার একটু অন্য সাজে।

Developed by DXDasia