
ট্যালকম পাউডার ক্যানসার ঘটায় এই কথা না লেখায় ক্ষতিপূরণ
বাচ্চাদের পাউডার সম্পর্কে বাবা মায়েরা সতর্ক হন।
জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার (জে অ্যান্ড জে) ব্যবহারে ডিম্বাশয়ের ক্যান্সারের কোষ বিস্তৃত হয়েছে- এক মহিলার এমন অভিযোগের বিচারে বহুজাতিক কোম্পানিটিকে ৪১ কোটি ৭০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি আদালত। লস এঞ্জেলেসের সর্বোচ্চ আদালতের জুরিরা সোমবার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ইভা ইচেভেরিয়ার পক্ষে এ রায় দেন। ট্যালকম পাউডার ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে গ্রাহকদের এ বিষয়ক সতর্কতা জানাতে ব্যর্থ হওয়ায় জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে সর্বোচ্চ এ ক্ষতিপূরণের নির্দেশ দেয়া হয়েছে। এক বিবৃতিতে ইভার আইনজীবী মার্ক রবিনসন বলেন, ‘এ বিষয়ে জুরিদের রায়ে আমরা কৃতজ্ঞ, এর মাধ্যমে আদালতে ইভা তার দাবি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন। রায়ে ইভাকে ক্ষতিপূরণ বাবদ ৭ কোটি ডলার এবং জনসনের কৃতকর্মের শাস্তি হিসেবে আরও ৩৪ কোটি ৭০ লাখ ডলার দিতে বলা হয়েছে।’
আমেরিকান ক্যানসার সোসাইটির রিপোর্টে বহু আগেই বহু পরীক্ষার পর নির্দিষ্ট করে বলা হয়েছিল ট্যালকম পাউডারে যেহেতু অ্যাসবেসটস থাকে, তাই এর থেকে ক্যানসার হতে পারে। ট্যালকম কারখানার কর্মী, বহু মানুষ, পশুর উপর সমীক্ষা চালিয়ে ওই সিদ্ধান্তে এসেছিল ক্যানসার সোসাইটি। কন্তু এসব জানা সত্ত্বেও ট্যালকম পাউডার বিক্রেতারা ক্রেতাকে এই বিষয়ে সতর্ক করে না।তাই এই ক্ষতিপূরণ। জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের পাউডারে কোন ক্ষতিকারক জিনিস নেই। তারা বিষয়টি নিয়ে উচ্চতর আদালতে যাবে।
