
নতুন প্রধান বিচারপতির নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট
এবার নতুন স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। গত বছরের ৩১ ডিসেম্বর বিচারপতি দেবাশিস করগুপ্ত অবসর নেওয়ার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদটি শূন্য হয়। তখন থেকে অস্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। নতুন প্রধান বিচারপতি হচ্ছেন থোট্টাথিল বি নায়ার রাধাকৃষ্ণণ।
কেন্দ্রীয় বিচারমন্ত্রকের তরফ থেকে গত শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে বিচারপতি রাধাকৃষ্ণণের কলকাতা হাইকোর্টে বদলির কথা জানানো হয়েছে। আগামী ৬ এপ্রিলের মধ্যে নতুন দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে তাঁকে। বর্তমানে তিনি তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৩ সাল নাগাদ বিচারপতই রাধাকৃষ্ণণ তিরুবন্তপুরমের কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। গত বছর জুলাইয়ে হন সংযুক্ত হায়দরাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য ভাগের পর তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি পদের দায়িত্ব নেন তিনি। এর আগে ২০১৭ সালে তিনি ছত্তিশগড় হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। ৬০ বছর বয়সী বিচারপতি টি বি নায়ার রাধাকৃষ্ণনের বাবা, মা দুজনেই ছিলেন কেরলের আইনজীবী।
