স্বামী বিবেকানন্দ ও গোরক্ষিণী সভার সম্পাদকের কথোপকথন

‘মানুষ মরে গেলে তার মুখে এক মুঠো অন্ন দেওয়া বুঝি আপনাদের ধর্ম নয়?’

একদিন গোরক্ষিণী সভার সম্পাদক এসেছেন স্বামীজীর সঙ্গে দেখা করতে। স্বামীজী জিজ্ঞেস করলেন ‘আপনাদের সভার উদ্দেশ্য কী?’

সম্পাদক – আমরা স্থানে স্থানে পিজরাপোল স্থাপন করছি। দুর্বল, রুগ্ন, জরাগ্রস্থ গোমাতাদের আমরা সেখানে রেখে পালন করি। তাছাড়া কসাইদের হাত থেকে তাদের রক্ষার ব্যবস্থাও করি।

স্বামীজী – উদ্দেশ্য সৎ সন্দেহ নেই। কিন্ত মধ্যভারতে শুনেছি নাকি প্রায় নয় লক্ষ লোক মারা গেছে অনাহারে। এই দুর্ভিক্ষ নিবারণে কত টাকা সাহায্য করেছেন আপনারা?

সম্পাদক – দুর্ভিক্ষে সাহায্য আমরা করি না। গোমাতাদের রক্ষা করাই আমাদের পরম ধর্ম।

স্বামীজী – আর মানুষ মরে গেলে তার মুখে এক মুঠো অন্ন দেওয়া বুঝি আপনাদের ধর্ম নয়?

সম্পাদক – মানুষ মরছে নিজের কর্মফলে, নিজের পাপে, নিজের –

স্বামীজী – আর গোমাতারা? তারা যে কসাইদের হাতে পড়েন সেও তো তাদের কর্মফল। তবে আর তাদের বাঁচাবার কী দরকার?

সম্পাদক – তা আপনি যা বলছেন তা সত্য – তবে শাস্ত্রে আছে গাভী আমাদের মাতা।

স্বামীজী – হ্যাঁ, গাভী যে আপনাদের মাতা তা বুঝতে পারছি আমি – নইলে এমন সব ছেলে জন্মাবে কেন?

(ঋণ – শান্তা শ্রীমানী লিখিত ‘মনীষীদের রসিকতা’)

Developed by DXDasia