নজিরবিহীন অস্ত্রোপচারে পেট থেকে বেরল ফিতাকৃমির ডিম

অসাধ্যসাধন করলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসকরা

পাকস্থলী আর যকৃতে ঢুকে গেছে ফিতাকৃমির ডিম। এমনভাবে সেগুলো জমে সিস্ট হয়ে গেছে যে রোগীর মৃত্যু অনিবার্য। সেই অবস্থায় প্রবল ঝুঁকি নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসকরা অসাধ্যসাধন করলেন। 

বাঁকুড়ার সানবাঁধা গ্রামের বাসিন্দা মর্জিনা বিবি। তাঁর ঘনঘন কাশি আর রক্তবমি হওয়ায় নিয়ে যাওয়া হয় সম্মিলনী মেডিক্যাল কলেজে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, গবাদি পশুর দেহে যে ফিতাকৃমি থাকে, তারই ডিম জমেছে সেই মহিলার পেটে। রোগীর শরীর এতটাই খারাপ যে তাঁকে কলকাতায় পাঠানো অসম্ভব। শেষ পর্যন্ত সেই হাসপাতালের ডাক্তাররাই অস্ত্রোপচার করলেন। বের করলেন ফিতাকৃমির ডিম। অবশেষে ওই গৃহবধূর প্রাণ বাঁচল।

এই ধরনের জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে এটাই প্রথম। আগে যকৃতের অস্ত্রোপচার হয়েছে এখানে, তবে একইসঙ্গে যকৃত ও পাকস্থলীর অস্ত্রোপচার আগে হয়নি। মহিলা সুস্থ হয়ে ওঠায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চিকিৎসকরা। মর্জিনা বিবির পরিজনও বেজায় খুশি। 

Developed by DXDasia