রক্তপাত ছাড়াই শিশুর শ্বাসনালী থেকে বেরলো সবজির টুকরো

জটিল অস্ত্রোপচারে অভিনব সাফল্য বর্ধমান হাসপাতালে

জেসিকা দীপ নামের একটি শিশুর দেহে জটিল অস্ত্রোপচারে সফল হয়ে অভিনব নজির গড়লেন বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা। রক্তপাত ছাড়াই সাত মাসের শিশুর শ্বাসনালী থেকে বেরোল আটকে যাওয়া বিনের টুকরো। জানা গেছে, শিশুটি বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা। তার বাবা সাঁইথিয়ার একটি গির্জার ফাদার এবং মা গৃহকর্ত্রী।

গত সোমবার সকাল দশটা নাগাদ শিশুটির মা জ্যোৎস্না দীপ বাড়িতে সবজি কাটছিলেন। পাশে থাকা শিশুটি হঠাৎ খেয়ে নেয় কাঁচা বিনের একটি টুকরো। ওই টুকরো আটকে যায় শ্বাসনালীতে। শিশুটিকে প্রথমে শিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেদিনই বিকেলের দিকে বর্ধমানে শিশু বিভাগের চিকিৎসকরা ই এন টি বিভাগে পাঠিয়ে দেন তাকে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত মেডিক্যাল টিম বানিয়ে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই রাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো রকম রক্তপাত ছাড়াই শ্বাসনালীর থেকে বিনের টুকরোটি বের করা হয় রিজিড ব্রঙ্কোস্কোপির মাধ্যমে।

শিশুটির অবস্থা এখন স্থিতিশীল। এইভাবে দ্রুত জটিল অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তিতে বর্ধমান হাসপাতালের চিকিৎসকরা। খুশি জেসিকার বাবা-মা-ও। 
 

Developed by DXDasia