
ভোটদান পর্বে প্রযুক্তির ওপর জোর দেন প্রধান বিচারপতি
প্রতিটি বিধানসভা পিছু একটির বেশি পোলিং স্টেশন থেকে একাধিক ভিভিপ্যাট মেশিনের অডিট করা যাবে কিনা, নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন রাখল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ভিভিপ্যাট মেশিনের ব্যবহার আরও বৃদ্ধি করার পক্ষে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
২১টি বিরোধী দল দেশের ৫০ শতাংশ বুথে ভোটার ভেরিয়বেল পেপার অডিট ট্রেল বা ভিভিপ্যাটের ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কেন নির্বাচন পর্বকে অবাধ ও সুষ্ঠু রাখার জন্য হাতের কাছে থাকা প্রযুক্তির ব্যবহার করা হবে না? এই মামলাটি আগামী ১ এপ্রিল শুনবে সুপ্রিম কোর্ট। তার আগে এদিন রিপোর্ট চেয়ে পাঠানো হল নির্বাচন কমিশনের কাছে।
নির্বাচন কমিশনের তরফ থেকে উপ-মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ্ত জৈন সুপ্রিম কোর্টকে জানান, বর্তমানে চালু পদ্ধতিই সঠিক ভাবে কাজ করছে বলেই কমিশন মনে করে। কিন্তু সেই উত্তর প্রধান বিচারপতিকে সন্তুষ্ট করতে পারেনি। তিনি মন্তব্য করেন, কোনও প্রতিষ্ঠান, এমনকি বিচার ব্যবস্থাও পরামর্শ গ্রহণ বন্ধ করতে পারে না। যদি কমিশন এতোই নিশ্চিত হয়, তা হলে তারা কেন নিজে থেকেই ভিভিপ্যাট যন্ত্র ব্যবহার করা শুরু করেনি, এই প্রশ্নও তোলেন রঞ্জন গগৈ।
