
সুন্দরবনে টাইগার সাফারি চালু করার প্রস্তার দেওয়া হল লোকসভায়
দক্ষিণ আফ্রিকায় যদি লায়ন সাফারি হতে পারে, তাহলে, সুন্দরবনে কেন টাইগার সাফারি শুরু করা যায় না? এরকমই প্রস্তাব উঠল লোকসভায়। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সব পক্ষই।
উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রশ্নোত্তর পর্বে এই প্রস্তাব রেখেছেন। তাঁর মতে, সারা দেশের সবথেকে বিখ্যাত জঙ্গল হল সুন্দরবন। সারা বিশ্বেই এর খ্যাতি ছড়িয়ে আছে। এখানকার বিশেষ পরিচিতি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যই। সুন্দরবনে টাইগার সাফারি চালু করলে সারা দুনিয়ায় এই জঙ্গলের আকর্ষণ আরও বাড়বে।
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ব্যাপারে নির্দিষ্ট প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয় রেখে এই কাজ করা সম্ভব বলে জানিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়।
