সফল অস্ত্রোপচারে শিশুর পিঠ থেকে বার হল হাঁসুয়া

নজির গড়লেন ডোমকল হাসপাতালের চিকিৎসকরা

বছর আটেকের এক শিশুর পিঠ ফুঁড়ে মেরুদণ্ডে গেঁথেছিল একটি ধারালো হাঁসুয়া। অস্ত্রোপচারের মাধ্যমে সেই হাঁসুয়া বের করে শিশুটির প্রাণ বাঁচালেন ডোমকল সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা।

জানা গেছে, কালুদিয়াড় গ্রামের বাসিন্দা জাকিরের সঙ্গে বচসা হয়েছিল তারই এক বন্ধুর। সেই বচসা এমন জায়গায় পৌঁছয় যে জাকিরের পিঠে হাঁসুয়ার কোপ মারে সেই বন্ধু। পিঠ ফুঁড়ে সে হাঁসুয়া ১২ সেন্টিমিটার ভেতরে ঢুকে গিয়েছিল। সেই অবস্থাতেই জাকিরকে নিয়ে ডোমকল হাসপাতালে ছোটেন তার পরিবার। দেখেই প্রথমে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, হাসপাতালের যা পরিকাঠামো, তাতে পিঠ থেকে ওই হাঁসুয়া বের করা অসম্ভব। কিন্তু জাকিরের বাড়ির লোকেরা এমনভাবে কাতর অনুরোধ জানান যে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের ঝুঁকি নিতে রাজি হয়ে যান হাসপাতালের সুপার প্রবীর মান্ডি, শল্য চিকিৎসক সব্যসাচী চক্রবর্তী সহ অন্যান্য ডাক্তাররা। মঙ্গলবার যে অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন রেফার করে অন্য জায়গায় পাঠানোর কোনো পরিস্থিতি আর ছিল না। আর জাকিরের পরিবারের আর্থিক সামর্থ্যও খুব কম। তাই সময় নষ্ট না করেই শুরু হল চিকিৎসা। প্রায় চল্লিশ মিনিটের পরিশ্রমে স্পাইনাল নার্ভ বা মেরুদণ্ডের কোনো ক্ষতি না করেই সেই হাঁসুয়ার ফলা বের করে আনা সম্ভব হল। 

অস্ত্রোপচার সফল হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন চিকিৎসকরা। জাকিরের মা কাকলি বিবি, কাকা রবিউল শেখ সহ পরিবারের অন্য সদস্যদের মুখেও আনন্দের হাসি। চিকিৎসকের দ্রুত সিদ্ধান্ত ও দক্ষ অস্ত্রোপচার একটি সতেজ প্রাণকে ফিরিয়ে দিল তার মায়ের কোলে। এখন ভালোই আছে জাকির। 

Developed by DXDasia