
তথ্যপ্রযুক্তি আইনে অনন্য অবদানের জন্য স্বীকৃতি পাচ্ছেন তিনি
ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি আইনের অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ শুভজিৎ বসু পেতে চলেছেন ‘হিন্দ রতন অ্যাওয়ার্ড ফর ২০২০’। সমাজে অভিনব কৃতিত্বের জন্য প্রবাসী ভারতীয়দের এই পুরস্কার দিয়ে থাকে এনআরআই ওয়েলফেয়ার সোসাইটি অফ ইন্ডিয়া।
তথ্যপ্রযুক্তি আইনে অনন্য অবদানের জন্য ডঃ বসুকে এই সম্মানে ভূষিত করা হবে নয়াদিল্লিতে ২০২০ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। এই সম্মানপ্রদান অনুষ্ঠানে হাজির থাকবেন সুপ্রিম কোর্টের একাধিক সদস্য, রাষ্ট্রদূত এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
ডঃ শুভজিৎ বসুর ছাত্রজীবন কেটেছে কলকাতায়। সেন্ট লরেন্সে পড়ার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন কলেজ থেকে আইনি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে শুরু করেন আইন ব্যবসা। কর্পোরেট আইন বিশেষজ্ঞ হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে গোটা দেশে। এরপর তিনি ইংল্যান্ডে গিয়ে লিভারপুর জন মোরেস বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। এখন তিনি ব্রিটিশ অ্যান্ড আইরিশ ল এডুকেশন অ্যান্ড টেকনোলজি অ্যাসোসিয়েশনের চেয়ারের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশালান রিভিউ অফ ল কম্পিউটার্স অ্যান্ড টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টরের পদও অলংকৃত করছেন।
