
দিনযাপনে বাছাই করা খবর
দেশের মধ্যে কলকাতার রাস্তার খাবার সবচেয়ে নিরাপদ, জানাচ্ছে সমীক্ষা
রাস্তার খাবার কতটা নিরাপদ! তা নিয়ে ভাবনাচিন্তার শেষ নেই। কিন্তু অনেকেরই রাস্তার খাবার খাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। কলকাতা শহরের ফুটপাথের খাবার কতটা নিরাপদ? এই বিষয় নিয়েই একটি সমীক্ষা চালায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, রাজ্য স্বাস্থ্য এবং পুর দপ্তর। মঙ্গলবার সেই রিপোর্ট পাশ হয়েছে। আর তাতে দেখা গেছে দেশের অন্যান্য রাজ্যের রাস্তার খাবারের থেকে কলকাতার খাবার অনেক বেশি নিরাপদ। এবার পুরদপ্তর থেকে নজর দেওয়া হবে যাতে খাবারে ক্ষতিকর রং যাতে ব্যবহার না করা যায়, ভেজাল না মেশানো যায় এবং কতখানি পরিষ্কার রাখা হচ্ছে দোকানগুলিকে। সেই মতো ব্যবস্থাও নেওয়া হবে। পুরসভা থেকে স্ট্রিট ফুড বিক্রেতাদের গ্লাভস এবং টুপি বিতরণ করা হচ্ছে। সেই সঙ্গে সচেতন করা হচ্ছে ক্রেতাদেরও।

নিউ টাউনে আসতে চলেছে রোপওয়ে
নিউ টাউনের দূষণ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে হিডকো। ব্যাটারিচালিত বাসের পাশাপাশি এখানে রয়েছে অ্যাপ-চালিত সাইকেল। তার জন্য আলাদা সাইকেল বে আছে। এবার, দূষণের মাত্রা আরও কমিয়ে আনতে পরিবেশ-বান্ধব যান রোপওয়ে চালু করার পরিকল্পনা নিয়েছে হিডকো কর্তৃপক্ষ। কীভাবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা যায়, সময় এবং অর্থ কীরকম লাগতে পারে – এই সব বিষয়ে পরামর্শের জন্য বিশেষজ্ঞ সংস্থা বাছাই করতে টেন্ডার ডাকা হয়েছে সোমবার। নিউ টাউন তিনটে এলাকায় বিভক্ত। তার অ্যাকশন এরিয়া ১-এর কলকাতা গেট থেকে অ্যাকশন এরিয়া ৩ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রোপওয়ে যাবে বলে ঠিক হয়েছে। নিউ টাউন থেকে সল্টলেক পর্যন্তও রোপওয়ে চালু করা সম্ভব কিনা, তা পরামর্শদাতা সংস্থা জানাবে। রোপওয়ে তৈরি করা না গেলে পিলারের ওপর লাইন পেতে দ্রুতগতির ট্রামও চালু হতে পারে। তবে এখন রোপওয়ে বানানোই হিডকোর লক্ষ্য।

বাংলাদেশের বিকল্প চলচ্চিত্রের পুরোধা তানভীর মোকাম্মেল এবার কলকাতায়
তানভীর মোকাম্মেল। বাংলাদেশের বিকল্প চলচ্চিত্রের পুরোধা। দেশভাগ নিয়ে একাধিক তথ্য ও কাহিনিচিত্র নির্মাণ করেছেন তিনি। নির্মাণের সেই অভিজ্ঞতার কথাই এবার শোনা যাবে স্বয়ং পরিচালকের মুখে। সম্প্রতি তাঁকে সম্মাননা জ্ঞাপন করেছে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ। তানভীর মোকাম্মেল বাংলাদেশ ফিল্ম ইন্সটিটিউটের পরিচালক এবং বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক সম্মানে তাঁকে ভূষিত করা হয়। এখনও পর্যন্ত তিনি ২২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন, যার মধ্যে বেশিরভাগই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লালসালু’ বিশ্ব-চলচ্চিত্রের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। আগামী ২৭ ফেব্রুয়ারি কলকাতার গোর্কি সদনে সন্ধে ৬টায় নিজের এই যাত্রাপথের গল্প শোনাবেন তানভীর। কথার মাঝে থাকবে বিভিন্ন সিনেমার প্রয়োজনীয় ক্লিপিংস। এদিন প্রকাশিত হবে সুশীল সাহা সম্পাদিত বই ‘দেশভাগের সিনেমা’ (সোপান)।

খেলোয়াড়দের জন্য পিজি-তে চালু হচ্ছে বিশেষ ইউনিট
মহানগরের কোনো হাসপাতালে খেলোয়াড়দের জন্য আলাদা বিভাগ নেই। যার ফলে, খেলতে গিয়ে কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হলে মুশকিলে পড়তেন খেলোয়াড়েরা। কোন হাসপাতালে গিয়ে কোন বিভাগের ডাক্তারদের পরামর্শ নেবেন, তা বুঝতে পারতেন না অনেক সময়েই। এবার, মুশকিল আসান করতে এসএসকেএম হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগে চালু হতে চলেছে ‘স্পোর্টস মেডিসিন’ নামের বিশেষ ইউনিট। খেলোয়াড়রা চোট পেলে এখানে চিকিৎসা করাবেন। এছাড়া, তাঁদের ডায়েট, ব্যায়াম, পুনর্বাসন ইত্যাদি নিয়ে পরামর্শও দেবেন এই বিভাগের চিকিৎসকরা। পিজি হাসপাতালের জন্য আরও কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পেডিয়াট্রিক সার্জারির শয্যা সংখ্যা বাড়ছে। পাশাপাশি এন্ডোক্রিনোলজি বিভাগকে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ বানানোর কাজ চলছে। এই তিনটি প্রকল্পের জন্য সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে বাড়তি লোকবল বরাদ্দ করা হল।
