পথ বদল করছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, ঝড়-বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে

সতর্কতা জারি উপকূলে, প্রস্তুত প্রশাসন

ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে। আকাশে মেঘ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এসবই ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আগমন-বার্তা। আজ বিকেল থেকেই ঝোরো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ঘণ্টায় ৬০ কিমি ছুঁতে পারে সেই হাওয়ার বেগ। আজ রাত থেকে শুরু হতে পারে ভারী বৃষ্টিও। শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জুড়ে।

বুলবুলের মতিগতি বোঝাই এখন দুরূহ হয়ে উঠেছে আবহাওয়াবিদদের পক্ষে। আজই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বুলবুল। কাল ফের পথ বদলে সে আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী স্থলভাগে। স্থলভাগে ঢুকে সে খানিকটা শক্তিক্ষয় করবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

উপকূল জুড়ে তীব্র সতর্কতা জারি আছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রস্তুত আছে ডিজাস্টার ম্যানেজমেন্টও। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। 

Developed by DXDasia