
ইউজিসি ও ন্যাক মূল্যায়নে এই স্বীকৃতির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে
বিরল শিরোপা অর্জন করল সেন্ট জেভিয়ার্স কলেজ। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম আইএসও ৯০০১:২০১৫ তালিকায় উঠল। চলতি মাসের ৩ তারিখ থেকে ২০২২ সাল পর্যন্ত কলেজটির এই স্বীকৃতি বৈধ থাকবে।
যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেই এই স্বীকৃতি অত্যন্ত সম্মানের বলে বিবেচিত হয়। সেই কারণেই আইএসও তালিকায় নাম তোলার জন্য আবেদন জানিয়েছিল সেন্ট জেভিয়ার্স কলেজ কর্তৃপক্ষ। কলেজের পরিকাঠামো, পড়ুয়াদের কেরিয়ারে সাফল্যের ইতিহাস, ছাত্র-শিক্ষক অনুপাত, অপেক্ষাকৃত দুর্বল পড়ুয়াদের জন্য আলাদা টিউটোরিয়ালের ব্যবস্থা, পাঠ্যসূচি – আইএসও তালিকায় নাম তোলার ক্ষেত্রে এই সব কিছুকেই খতিয়ে দেখা হয়।
সেন্ট জেভিয়ার্স কলেজই মহানগরের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান, যারা আইএসও তালিকায় স্থান পেল। ইউজিসি ও ন্যাক মূল্যায়নে এই স্বীকৃতির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
