এবার কলকাতা বইমেলা, চলচ্চিত্র উৎসব, রাস্তার খাবার পেল বিশেষ হেরিটেজের মর্যাদা

রাজ্য হেরিটেজ কমিশনের বিশেষ তালিকায় উঠল নাম

কলকাতা বইমেলা ছাড়া পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে ভাবাই যায় না। একই ভাবে চলচ্চিত্র উৎসব হয়ে উঠেছে আমাদের মননশীলতার অঙ্গ। মহানগরের ব্যস্ত রাস্তায় ফুটপাতের নানা মুখোরোচক খাবারও কর্মব্যস্ত বাঙালির দৈনন্দিন যাপনে অনেকদিন ধরেই জায়গা করে নিয়েছে। বঙ্গজীবনের অবিচ্ছেদ্য এই সব বিষয় এবার পেল অনন্য স্বীকৃতি।
  
‘দ্য ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন অ্যাক্ট, ২০০১’ অনুযায়ী কেবলমাত্র স্থাপত্যকেই হেরিটেজ মর্যাদা দেওয়া যায়। কিন্তু স্থাপত্য ছাড়াও বাঙালি সংস্কৃতির আরও কত বৈচিত্রপূর্ণ উপদান, কত পুরোনো গান, লুপ্তপ্রায় কত রেসিপি, আরও কত কিছু আমাদের পরিচিতিকে তুলে ধরেছে সারা বিশ্বে। সেগুলিকে হেরিটেজ তালিকায় স্থান দেওয়ার কোনো উপায় নেই। তাই, রাজ্য হেরিটেজ কমিশন আরেকটি বিশেষ তালিকা প্রস্তুত করেছে। সেখানেই জায়গা করে নিয়েছে কলকাতা বইমেলা, আলপনা শিল্প, ফুটপাতের খাবার।

সেই বিশেষ তালিকায় যেমন কলকাতার রসগোল্লা রয়েছে, তেমনি কলকাতার চলচ্চিত্র উৎসব, পয়লা বৈশাখ, দুর্গাপুজো, কালীপুজো, মহরম, ক্রিসমাস এবং আরও সব পার্বণ স্থান পেয়েছে। 

Developed by DXDasia