
ভিন রাজ্যে চলে যাওয়া শিশুদের তালিকা তৈরি হচ্ছে
ভিন রাজ্যে শিশুকে শ্রমিক হিসেবে পাচার করা নিয়ে উদ্বেগে প্রশাসন।বর্ধমান জেলার কাটোয়া, গলসি, কেতুগ্রাম, পূর্বস্থলী, নাদনঘাট, আউশগ্রাম, জামালপুর, মেমারি, মঙ্গলকোট–সহ বিভিন্ন থানা এলাকার মূলত গরিব পরিবারের হতদরিদ্র কিশোরদের ভিনরাজ্যে কাজে পাঠানোর প্রবণতা বেশি। এই প্রবণতা কমাতে উদ্যোগী হল জেলা প্রশাসন। লোভে পড়ে বহু অভিভাবক তাঁদের অল্পবয়সী সন্তানদের কাজ করতে পাঠান ভিনরাজ্যে। যে প্রতিশ্রুতি দিয়ে দালালরা কিশোরদের নিয়ে যায়, মাইনে থেকে শুরু করে সেসব কোনও প্রতিশ্রুতিই তারা মানে না। বিপাকে পড়ে শিশুরা। ফিরেও আসতে পারে না তারা। উল্টে বহু জায়গায় নানারকম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় ছোটরা। এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য তৎপরতা শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। ভিনরাজ্যে কাজে যাওয়া কিশোরদের চিহ্নিত করতে একটি তালিকা তৈরির নির্দেশ দিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। ভবিষ্যতে সেই তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বুঝিয়ে তাঁদের সন্তানদের বাড়িতে ফেরত আনার ব্যবস্থা করবে ব্লক সমাজকল্যাণ দপ্তর। কয়েকদিন আগে জামালপুরের এক কিশোর গুজরাটে কাজে গিয়ে চরম নির্যাতনের শিকার হয়। তারপরই টনক নড়ে প্রশাসনের। শুধু যাদের সন্তান বাইরে রয়েছে, তাদেরকেই নয়, ভিনরাজ্যে কিশোরদের কাজে পাঠানোর পরিসংখ্যান শূন্যে নামাতে তথ্য ও সংস্কৃতি বিভাগের মাধ্যমে প্রচারও চালাবে প্রশাসন।
