খরচ কমবে পরিবেশ দূষণ ও রেলের

ডিজেল ট্রেনের পর এবার ট্রেন চলবে সৌর বিদ্যুতেও। তবে চাকা নয়, ঘুরবে ট্রেনের কামরার লাইট ও ফ্যান। ডিজেল চালিত ডিইএমইউ লোকাল ট্রেনের প্রতি কামরার ছাদে লাগানো হবে ১৬টি সৌর প্যানেল। রেল মন্ত্রক সূত্রে খবর, প্রথম পর্যায়ে এই রেল চলবে গাজিয়াবাদ-দিল্লি-গুরুগ্রাম পর্যন্ত।

ডিইএমইউ ট্রেনের মধ্যবর্তী অংশে একটি জেনারেটার থাকে। এই জেনারেটারগুলির বদলে সৌর প্যানেল লাগিয়ে ৪.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই প্যানেল থেকে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ যাবে কামরাগুলিতে। বৃষ্টি সময় অথবা রাতের জন্যও বিদ্যুৎ সংরক্ষণ করা হবে। এর ফলে রেলের সাশ্রয় হবে প্রায় ১২ লক্ষ টাকা। কারণ ডিইএমইউ ট্রেনে ছয় কামরার লাইট ও পাখা চালাতে প্রতি বছর খরচ হয় ২১ হাজার লিটার ডিজেল। তার সঙ্গে নির্গত হয় প্রচুর পরিমাণে কার্বন যা পরিবেশ দূষণ করে। এই প্রকল্প যদি সারা পায় তাহলে দূরপাল্লার ট্রেনেও লাগানো হবে এই প্রযুক্তি।

পরিবেশ দূষণ রুখতে এবং রেলের খরচ কমানোর জন্য এই পদক্ষেপ রেল মন্ত্রকের। 

Developed by DXDasia