
খেলা ঘুরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে মহারাজই
সৌরভ গঙ্গোপাধ্যায় যে ভারতীয় বোর্ডের মসনদে বসতে চলেছেন, সে খবর ছিল শনিবার থেকেই। কিন্তু হঠাৎই মুম্বইতে বোর্ডের বেসরকারি সভায় হাওয়া ঘুরতে শুরু করে। শোনা যায়, বোর্ডের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন এন শ্রীনিবাসন সমর্থিত প্রার্থী ব্রিজেশ প্যাটেল আর সচিব হচ্ছেন বিজেপি-নেতা অমিত শাহ-র পুত্র জয় শাহ। সৌরভ বড়োজোর পেতে পারেন আইপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যানের পদ। কিন্তু, এমন সময়েই ফের মহারাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন সৌরভ। নানা টালবাহানার পর গভীর রাতে নিশ্চিত হয়ে যায়, ভারতীয় বোর্ডের নতুন প্রেসিডেন্টের পদে বসছেন সৌরভই। জগমোহন ডালমিয়ার পর এই প্রথম বাংলার থেকে কেউ ভারতীয় ক্রিকেটের মসনদে বসছেন।
আপাতত ১০ মাসের বেশি ভারতীয় বোর্ড-প্রেসিডেন্টের দায়িত্ব সামলাতে পারবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই তাঁকে চলে যেতে হবে বাধ্যতামূলক ‘কুলিং অফ’-এ। বোর্ডের নতুন সচিব হচ্ছেন জয় শাহ। সৌরভের অবর্তমানে সিএবি-র নতুন প্রেসিডেন্ট কে হবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। বর্তমান সিএবি সচিব অভিষেক ডালমিয়া, প্রাক্তন সচিব বাবলু কোলের সঙ্গে হাওয়ায় ভাসছে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নামও। তবে, আপাতত খুশির হাওয়া বঙ্গ ক্রিকেট মহলে। গ্রেগ চ্যাপেল অধ্যায়ে অনেক অপমান সহ্য করতে হয়েছিল সৌরভকে। তার আগে এবং পরেও বাংলার ক্রিকেট ঘিরে হাজারো বঞ্চনার ছবি। মহারাজের বোর্ড প্রেসিডেন্ট হওয়ার খবরে সেই ক্ষতর ইতিহাসে যেন প্রলেপ পড়ল। ভারতীয় ক্রিকেট মহলেও খুশির হাওয়া। ভারতীয় ক্রিকেটের প্রশাসনে সৌরভের চেয়ে যোগ্য প্রার্থী আর কে-ই বা হতে পারতেন, শোনা যাচ্ছে কান পাতলেই।
