
সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের সেমিনারের সভাপতি সোমেন মিত্র
রাজ্যের এক শীর্ষ স্থানীয় বিজেপি নেত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎকার নিয়েই ঘনিয়ে উঠেছিল জল্পনা। তা হলে কী এবার বিজেপি-তে যাচ্ছেন সোমেন মিত্র? আজই সেই সম্ভাবনায় জল ঢাললেন এই প্রবীণ কংগ্রেস নেতা। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের একটি সেমিনারের আমন্ত্রণ পত্র পোস্ট করলেন তিনি। জানালেন, আগামীকাল ইউনিভার্সিটি ইন্সটিউট হলে এই কনভেনশনে সভাপতিত্ব করবেন তিনি। এছাড়াও তিনি বলেন, তাঁকে নিয়ে ছড়ানো গুজবের উত্তর যথাসময়ে দেবেন। তার আগে এ রাজ্যে সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টির প্রতিবাদে সকলকে এই সভায় আমন্ত্রণ জানান সোমেন।
বুধবারের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন অধ্যাপক সিরাজুল ইসলাম, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সমাজকর্মী অধ্যাপক মিরাতুন নাহার এবং সাংবাদিক গীতেশ শর্মা। অনুষ্ঠানের আহ্বায়কদের মধ্যে রয়েছেন সন্তোষ রানা, বরুণ দাশগুপ্ত, সুখবিলাস বর্মা প্রমুখ।
