
দুর্গমতার জন্য গ্রিডের বিদ্যুৎ বয়ে নিয়ে যাওয়া খরচসাপেক্ষ সেখানে
নদী বা খাল-বিলে ঘেরা ছোট দ্বীপের মতো অনেক জনপদ রয়েছে সুন্দরবনে। ৩০-৫০ ঘর মানুষ বাসও করে সেখানে। অথচ, দুর্গমতার জন্য গ্রিডের বিদ্যুৎ বয়ে নিয়ে যাওয়া খরচসাপেক্ষ সেখানে। আশঙ্কা রয়েছে বন্যার তোড়ে বিদ্যুতের খুঁটি বারেবারে উপড়ে যাওয়ার সম্ভাবনাও। ফলে সেই প্রত্যন্ত অঞ্চলগুলিতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তর।
দরপত্র ডেকে কোনও বেসরকারি সংস্থাকে ওই সৌর বিদ্যুতব্যবস্থা বসানোর দায়িত্ব দেবে বিদ্যুৎ দপ্তর। কমপক্ষে পাঁচ বছরের প্রকল্পের রক্ষণাবেক্ষণ করতে হবে তাদেরই। পরে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে কমিটি তৈরি করে চালানো হবে সৌর আলোর রক্ষণাবেক্ষণ।
