রাজ্যে প্রথম সূর্যের আলোয় ছুটবে বাইক

নদিয়ার ছেলে শুভময় বিশ্বাসের আবিষ্কার

এবার থেকে সৌরশক্তিতে চলবে মোটরবাইক। পেট্রোল, ডিজেলের কোনো গল্পই নেই। থাকছে না পরিবেশ দূষণের কোনো আশঙ্কা। তাও আবার গতির সঙ্গে কোনোরকম সমঝোতা না করেই। রাজ্যের প্রথম সৌরচালিত এই বাইক তৈরি করেছেন নদিয়ার ছেলে শুভময় বিশ্বাস।

নদিয়ার বগুলায় কলেজ পাড়ার বাসিন্দা শুভময় বিশ্বাস পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক। আর নেশায় তিনি একজন বিজ্ঞানী। বাড়িতেই একটা ছোটোখাটো ল্যাবরেটারি বানিয়ে ফেলেছেন। কলেজে পড়ার সময় থেকেই নাড়াচাড়া করতেন বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে। আগে তৈরি করেছিলেন ব্যাটারি চালিত একধরনের সাইকেল। এছাড়া বানিয়েছিলেন এমন বিশেষ এক হেলমেট যেটা মাথায় না লাগালে স্টার্টই হবে না বাইক। ‘সেফ ড্রাইভ সেফ লাইফ’-র প্রয়োজনীয়তা বোঝাতেই তিনি এই হেলমেট তৈরি করেছিলেন। তারপর ৮ মাস ধরে ১৮ হাজার টাকা খরচ করে বানিয়ে ফেলেন এই সৌরশক্তি চালিত বাইক। নাম রেখেছেন ‘সান পাওয়ার মোটরবাইক’। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মেলায় প্রশংসিত হয়েছে শুভময়ের এই আবিষ্কার।

সূর্যের আলোয় ব্যাটারি চার্জ হওয়া অবস্থায় প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার ছুটবে মোটরবাইক। রাতে চার্জে বসিয়ে রাখলে কোনো সমস্যাই নেই। গিয়ার সিস্টেমও রয়েছে এই বাইকে।

ছবিসূত্র – ফেসবুক 

Developed by DXDasia