ডেঙ্গু প্রতিরোধে অভিনব মানচিত্র উত্তর ২৪ পরগনায়

মানচিত্রের ওপর ভিত্তি করে তৈরি হবে সারা বছরের অ্যাকশন প্ল্যান

উত্তর ২৪ পরগনায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছিল ২০১৭ সালে। অবস্থার মোকাবিলায় জেলা প্রশাসন কোমর বেঁধে নামায় পরের বছর ২০১৮ সালে অনেকটাই কমে দাঁড়ায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবছরের শুরু থেকে আরও এক ধাপ এগিয়ে ডেঙ্গুসহ পতঙ্গবাহিত রোগের ক্ষেত্রে চিহ্নিত এবং প্রতিরোধ করতে গ্রামীন এলাকার ‘সামাজিক মানচিত্র’ আঁকার পরিকল্পনা নিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।

উত্তর ২৪ পরগনা জেলায় ১৯৯টি গ্রাম পঞ্চায়েতের অধীনে গ্রাম সংসদ রয়েছে ৩৫৬০টি। প্রত্যেক সংসদের কোথায় বাড়ি, কোথায় পাকা নর্দমা, কোথায় কাঁচা নর্দমা, গত বছর কোথায় জ্বরের প্রকোপ ছিল, কোথায় ইডিস মশার লার্ভা পাওয়া গেছে, সবই উল্লেখ থাকবে মানচিত্রে। ঠিক করে দেওয়া হয়েছে তিন রং-এর ব্যবহারিক সূচকও। যেমন, মানচিত্রে বাড়ির জায়গায় রয়েছে ইংরেজি ‘এইচ’, নোংরা জমা থাকলে সেই জায়গায় থাকছে ‘শূন্য’। সূচকের মান ভালো হলে রয়েছে সবুজ রং, মাঝারি হলে হলুদ বা কমলা আর খুব খারাপ হলে থাকছে লাল। 

প্রত্যেক গ্রাম সংসদের পঞ্চায়েত কর্মী, স্বাস্থ্য কর্মী, আশা কর্মী, অঙ্গনকর্মী আর স্বেচ্ছাসেবকরা একসঙ্গে বসে সামাজিক মানচিত্রের কাজ করছেন। জানা গেছে, মানচিত্র তৈরির কাজ প্রায় শেষ। এবার সেগুলি গ্রাম সংসদ থেকে ব্লকের হাত ঘুরে পৌঁছবে জেলা প্রশাসনের কাছে। তারপর সেই মানচিত্রের ওপর ভিত্তি করে তৈরি হবে সারা বছরের অ্যাকশন প্ল্যান।
 

Developed by DXDasia