
মে মাসের শেষ নাগাদ হবে উদ্বোধন
নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের উপর রয়েছে ঝুলন্ত রেস্তোরাঁ-সহ বিনোদনের হরেক আয়োজন। তবে একসঙ্গে ১০০ জনের বেশি মানুষ যেতে পারেন না সেখানে। তাই গেটের নিচে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় বহু লোককেই। এই অসুবিধার কথা মাথায় রেখেই গেটের নিচে হিডকো কর্তৃপক্ষ এবার আনছে স্মার্ট গার্ডেন।
এক একর জমিতে তৈরি এই ডিজিটাল স্পেসে থাকবে ওয়াইফাই, হটস্পটের মতো স্মার্টফোনের যাবতীয় সুবিধে। পাশাপাশি কেউ ল্যাপটপ ব্যবহার করতে চাইলে তার জন্য সবুজে ঘেরা এই বাগানে গ্রানাইটের বেঞ্চও রাখা থাকবে। তবে এখন সাধারণ নির্বাচন চলছে। তাই নির্বাচনী বিধির কারণে এখনই এর উদ্বোধন সম্ভব হবে না। জানা গেছে, ভোট মিটলে মে মাসের শেষ নাগাদ খুলে দেওয়া হবে বিনোদনে ভরপুর এই বাগান।
