খোদ বাংলায় ডাইনোসোরের কঙ্কাল! আমডাঙায় শোরগোল

মাটি খুঁড়ে পাওয়া গেল ৩ ফুটের কঙ্কাল

পাড়ার মাঠে ক্রিকেট খেলছিল কয়েকজন কিশোর। হঠাৎ তাদের বল ঢুকে যায় এক পরিত্যক্ত বাড়িতে। সেই বল আনতে গিয়ে দেখা গেল, মাটির তলা থেকে বেরিয়ে আছে একটা কঙ্কাল। 

উত্তর ২৪ পরগনার  আমডাঙায় উত্তর বোদাই গ্রামে সেই বাড়িতে একা থাকতেন এক বৃদ্ধ। বছর চারের আগে তিনি সেখান থেকে চলে যাওয়ার পর বাড়িটি ফাঁকাই পড়ে ছিল। 

রবিবার সেখানে কঙ্কাল খুঁজে পাওয়ায় চাঞ্চল্য দেখা যায় গ্রামে। মাটি খোঁড়ার পর ৩ ফুটের কঙ্কাল বেরিয়ে আসে। দেখতে নাকি অবিকল ডাইনোসোরের মতো। মুখে মুখে সেই খবর রটে যেতেই শোরগোল পড়ে গেল গ্রামে। মোবাইলে ছবি তোলা হতে থাকে। সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে যায়। শেষ পর্যন্ত আমডাঙা থানার পুলিশ গিয়ে সেই কঙ্কাল ঘিরে ফেলে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা অনেকেই দাবি করছেন, এই কঙ্কাল ডাইনোসোরেরই। অনেকেই তা মানতে নারাজ। তাদের বক্তব্য, এই কঙ্কাল কয়েক কোটি বছরের পুরোনো বলে মনেই হচ্ছে না। এটা বড়োজোর কুকুর, ভাম বেড়াল অথবা গোসাপের কঙ্কাল। এবার ফরেন্সিক রিপোর্ট পেলেই জানা যাবে আসল সত্য। 

ছবি – সংগৃহীত 

Developed by DXDasia