
তাঁর উদ্যোগ ব্ল্যাক বেঙ্গলের উৎপাদন বাড়িয়ে তুলেছে
বাংলার ছাগল চাষে উৎপাদনের হার বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ নিয়েছেন কল্যাণ কোলে। তাঁর বিজনেস মডেল গ্রাম বাংলার মানুষের কর্মসংস্থানেও গতি এনেছে।
সিঙ্গুরের এই ভূমিপুত্র প্রাণীবিদ্যায় স্নাতক। তাঁর বয়স যখন ২৬, তখন নিজের পরিবার সহ সিঙ্গুরের বহু চাষিকে ভূমিহারা হতে দেখেছেন তিনি। এই অভিজ্ঞতা থেকে তিনি গ্রামবাংলার কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবেন। ২০১২ সালে তিনি ছাগল প্রজননের ব্যবসা শুরু করেন।
কল্যাণ কোলের সংস্থা এগিপন অ্যানিম্যাল বায়োকেয়ার প্রাইভেট লিমিটেড সারা বাংলায় পাঁঠা-খাসির উৎপাদনে গতি এনেছে। এখানে বিজ্ঞানসম্মত উপায়ে মাত্র ১০০-১৫০ টাকায় ছাগল প্রজনন করা হয়। যার ফলে, সারা বাংলার প্রায় ৬০ হাজার ছাগল প্রতিপালক উপকৃত হয়েছেন। পাশাপাশি, গ্রাম বাংলার প্রায় ৩ হাজার লোককে প্রশিক্ষণ দিয়েছেন কল্যাণ। তারাও ছাগল প্রজননের কাযে যুক্ত এবং মাথাপিছু মাসে কমবেশি ১০ হাজার টাকা রোজগার করেন।
