
বন্দিদের মধ্যে বাছাই কয়েকজনকে নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়েছে কদিন আগে
আইনে বলা আছে, সংশোধনাগারের ভিতর কোনও এলাকা অন্ধকারে রাখা যাবে না। ফলে সেখানে বিদ্যুৎ খরচ খুব। সেই বিদ্যুৎ খরচ কমাতেই শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের ভিতরে সৌর বিদ্যুৎ বসানোর পরিকল্পনা শুরু হয়েছে। রাজ্যের সংশোধনাগারের মন্ত্রী ও পদস্থ আধিকারিকেরা তেমন নির্দেশই দিয়েছেন। শিলিগুড়ি সংশোধনাগারের মধ্যে সৌর বিদ্যুৎ ছাড়াও বসছে তিনটি এলইডি টিভি।
কিছুদিন আগেই শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে সৌর বিদ্যুৎ বসানোর নির্দেশ আসে। সেই অনুযায়ী সমীক্ষা হয়। যদিও পূর্ত দপ্তর সমীক্ষা করে জানিয়েছে, পুরো এলাকায় সৌর বিদ্যুৎ বসানোর পরিকাঠামো তৈরি করতে ৩০ লক্ষ টাকা খরচ হবে। তাতে কাজ কিছুটা থমকে গেলেও সংশোধনাগারের স্থানীয় আধিকারিকরা চাইছেন, আংশিকভাবে হলেও সৌর বিদ্যুৎ বসুক। সেই প্রক্রিয়াই চলছে এখন।
সুপার নবীন কুজুর জানান, তাঁরা সংশোধনাগারের ভিতরে বন্দিদের মানসিক অবস্থার উন্নতির জন্য বিভিন্ন কর্মসূচি নিচ্ছেন। ক’দিন আগেই বন্দিদের নিয়ে ক্রিকেট খেলা হল। বন্দিদের মধ্যে বাছাই কয়েকজনকে নিয়ে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়েছে কদিন আগে। এবারে ৭ আগস্ট রাখিবন্ধন পালনের প্রস্তুতি শুরু হয়েছে। সেখানে মহিলা বন্দিরা পুরুষ বন্দিদের রাখি পরাবেন। এখন পাহাড়ের গোলমালের জন্য গ্রেফতার হওয়া প্রায় ২৫ জন বন্দিকে রাখা হয়েছে শিলিগুড়ির সংশোধনাগারে। সংশোধনাগারের ভিতরে বন্দিদের মাধ্যমে ক্যান্টিনও চলছে। পাঁচ জন বন্দি মিলে ক্যান্টিন চালাচ্ছেন। আগামী ১৩ আগস্ট কারা দিবস পালিত হবে সংশোধনাগারের ভিতরে। বন্দিদের মধ্যে যাঁরা ছবি আঁকায় পারদর্শী, তাঁদের দিয়ে ছবি আঁকানো হচ্ছে। রাজ্য স্তরের বন্দিদের ছবি আঁকার প্রতিযোগিতায় পুরস্কৃতও হচ্ছেন এখানকার বন্দিরা।
প্রসঙ্গত, শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের ভিতরে আটটি ওয়ার্ড রয়েছে। পুরুষ ১৫০ আর মহিলা ৫০ – সব মিলিয়ে ২০০ জন বন্দি রাখার পরিকাঠামো থাকলেও গড়ে, ৩৫০ বন্দি প্রায় সময়ই থাকেন।
