
মহানগরী তিলোত্তমার পথে নামলে খুঁজে পাই না বাংলা
বেঙ্গালুরুতে আছে, চেন্নাইয়ে আছে, ত্রিবান্দ্রামে আছে, কিন্তু কলকাতায় নেই। ভিন রাজ্যের শহরে দোকানের সাইনবোর্ডে দেখতে পাই আঞ্চলিক ভাষার আবশ্যিক ব্যবহার। কলকাতা পুরসভার আইন বলছে, ট্রেড লাইসেন্স পেতে হ’লে আপনার ব্যবসায়িক সাইনবোর্ডে বাংলায় সংস্থার নাম থাকতেই হবে। না থাকলে বাতিল হতে পারে লাইসেন্স। তা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এ শহরে চলছে বাংলাভাষাকে অবমাননা করার খেলা। চোখের সামনে ভূ লুণ্ঠিত হচ্ছে মাতৃভাষায় আমাদের অধিকার। এই বাংলায় আমার আমিকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে উঠছে ক্রমশ। এখনও কী আমরা উদাসীন থাকব?
যে ভাষার জন্যে, এমন হন্যে এমন আকুল হলাম, যে ভাষার শরীরে ছিটকে এসেছে সালাম- বরকতের রক্ত, শিলচরের বরাক উপত্যকায় গুলিবিদ্ধ হয়েছেন মাতৃভাষার শহিদরা, পশ্চিমবঙ্গে যে ভাষার স্বাধিকার রক্ষায় রাস্তায় নেমে আন্দোলন করেছেন বিদ্বজ্জন থেকে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা, সেই ভাষাকে হৃদমাঝারে রাখিব, ছেড়ে দেব না। আমরা জানি, অবজ্ঞা অবহেলা যতই আসুক, এখনও বাংলাভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রোদ।
বাংলাভাষা ভালো নেই এ শহরে। ভালো না থাকার কিছু ছবি আমরা তুলে ধরব বঙ্গদর্শনের পাতায়। আজ অ্যাক্রোপলিস মল। চাইব আপনিও সামিল হন আমাদের প্রতিবাদে।
আপনাদের আশপাশের এমন ছবি পেলে পাঠান আমাদের। আমাদের ই ঠিকানা-editor@bongodorshon.com। আসুন সংঘবদ্ধ হই, গড়ে তুলুন প্রতিবাদের মঞ্চ। হোক প্রতিরোধ।
