এবার শহরেও জৈব চাষ শেখাতে উদ্যোগী রাজ্য

২২ বিঘার একটি পুকুরে রাজ্য মৎস্য দপ্তর শুরু করেছে জৈব পদ্ধতিতে মাছ চাষ

শহরবাসীকে জৈব চাষ শেখাতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। উল্টোডাঙার একটি বাড়ির ৪০০০ বর্গফুটের ছাদে করা হবে এই জৈব চাষ। শহরের কেন্দ্রস্থলে হওয়ায় প্রচুর মানুষ এখানে আসতে পারবেন এবং শিখতে পারবেন জৈব চাষের সহজ পদ্ধতি। ১০-১২জন অভিজ্ঞ চাষি এই ছাদে চাষ করবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই প্রকল্পের কাজ। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদেরও এখানে এনে শেখানো হবে এই পদ্ধতি। সহায়তায় রাজ্য কৃষি দপ্তর। 

কিছুদিন আগে রাজ্যের কৃষি দপ্তর উল্টোডাঙার বিধান শিশু উদ্যানে আয়োজন করে তিন দিন ব্যাপী জৈব কৃষি মেলার। তারপরেই এই উদ্যোগ তাদের। কাছাকাছি এলাকাতেই, ২২ বিঘার একটি পুকুরে রাজ্য মৎস্য দপ্তর শুরু করেছে জৈব পদ্ধতিতে মাছ চাষও। ফলে সাধারণ মানুষ এবার শুধু আনাজ চাষই নয়, সুযোগ পাবেন মাছ চাষ শেখারও।

একই সঙ্গে, পশ্চিম মেদিনীপুরের আবাস-এ একটি জৈব ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জৈব চাষের জন্য প্রয়োজনীয় পরীক্ষাও করা যাবে সেখানে। 

Developed by DXDasia