
বছরের পর বছর ধরে পাহাড়ের বিভিন্ন পশুপাখি হত্যা বা শিকার করা হয় এই দিনে
সেই কোন আমল থেকে চলে আসছে এই উৎসব – থই পাওয়া যায় না। ‘বাপ-পিতেমো’রও আগের কথা। প্রতি বছর বুদ্ধপূর্ণিমার দিনে শিকার উৎসব হয় পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে। সাঁওতাল-সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অংশগ্রহণ তো করেনই, বাইরে থেকেও অনেকে আসেন এই উৎসবে শামিল হতে। পাহাড়ের বিভিন্ন পশুপাখি হত্যা বা শিকার করা হয় এদিন। উৎসবের রীতি মেনে এমনটাই হয়ে আসছে বছরের পর বছর।
এর প্রতিবাদেই এ-বছর পথে নেমেছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া শাখা। উৎসবে আসা মানুষের কাছে তাঁদের আবেদন, বন ও পাহাড়ের অস্তিত্ব রক্ষা করতে এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে শিকার থেকে যেন বিরত হন সকলে। তাঁদের মতে, ‘প্রতীকী উৎসব’ হিসেবে পালন করা যায় এই ঐতিহ্য। তীর-ধনুক দিয়ে নকল পশুপাখি শিকার করার খেলা হোক। ভারতীয় সংবিধান অনুযায়ী (Wild-life Protection Act) বনাঞ্চলের পশুপাখি শিকার করা যে বেআইনি, সে কথাও মনে করিয়ে দিচ্ছে সমিতি।
সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাত জানান, গ্রামের মোড়ল-সহ অন্যান্যরাও তাঁদের এই প্রতিবাদে সমর্থন জানিয়েছেন। এখন দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে ‘প্রতীকী উৎসব’-এর এই আবেদনে সাধারণ মানুষ সাড়া দেন কতটা, সেটাই দেখার অপেক্ষা।
