
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিক তৈরির কাজ শেষ হবে ২০২১ সালে
ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক নির্মিত হতে চলেছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর এই বায়োপিক নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকাপাকি কথাও সেরে ফেললেন শ্যাম বেনেগাল। হাসিনার উপদেষ্টা গওহর রিজভির নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল তথ্য-সম্প্রচার মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক করেছে। ছবিটি নিয়ে দু’তরফে আলোচনাও হয়েছে। জানা গিয়েছে, চিত্রনাট্যের জন্য গবেষণা করতে বাংলাদেশে যাবেন এই ছবির চিত্রনাট্যকার অতুল তিওয়ারি।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর বায়োপিক তৈরির কাজ ২০২১ সালের ২৬ মার্চের মধ্যে শেষ হবে বলেও জানান পরিচালক। এটা হবে জীবনীভিত্তিক একটি চলচ্চিত্র, এর মধ্যে আরও অনেক কিছু আসবে। জাতির জন্মের কথার সঙ্গে সঙ্গে একটি মহাকাব্যিক দিকও উঠে আসবে। সিনেমার মূল ভার্সনের ভাষা হবে বাংলা। অন্যান্য দেশের ক্ষেত্রে সেই দেশের ভাষার সাব-টাইটেল থাকবে।
