
মুজিববর্ষে শস্যক্ষেতের বিশাল ‘ক্যানভাসে’ ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর নান্দনিক প্রতিকৃতিটি
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। প্রতি বছর বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্মদিনকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে উদযাপন করা হয়। ২০২০ সাল ছিল বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বছরব্যাপী জাতির জনকের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান সরকারি এবং বেসরকারিভাবে উদযাপিত হয়ে আসছে বাংলাদেশে। কিন্তু করোনার প্রকোপে অনেক কর্মসূচি স্থগিত ছিল, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিববর্ষ পালিত হবে। সেই উপলক্ষে নেওয়া হয়েছে অভিনব একটি উদ্যোগ। বাংলাদেশের বগুড়ার শেরপুর উপজেলায় ১০০ বিঘা আয়তনের ধানখেতে ফুটিয়ে তোলা হয়েছে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’।
শস্যখেতের বিশাল ‘ক্যানভাসে’ ফুটিয়ে তোলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নান্দনিক প্রতিকৃতিটি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে মিলবে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এর স্বীকৃতি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে দুই রঙের শস্য দিয়ে প্রতিকৃতি ফুটিয়ে তুলতে হয়। আমিনপুর মাঠে সবুজ ও বেগুনি রঙের শস্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। গিনেস বুকে নাম লেখাতে শস্যের রং অবশ্যই প্রাকতিক হতে হয়, আমিনপুর মাঠের দুই ধরনের শস্যের রংই প্রাকৃতিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সব কটি শর্তই এখানে পরিপূর্ণভাবে মানা হয়েছে। ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ প্রদানের ক্ষেত্রে যা যা দরকার, সবই আছে সেই শস্যচিত্রে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ ফুটিয়ে তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর উদ্যোগটি ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের’। ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ একটি ভিন্ন ধারার, নান্দনিক একটি কাজ। এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বজুড়ে অনন্য সম্মানের সঙ্গে তুলে ধরা হয়েছে। অনেকেই মনে করছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটিই সবচেয়ে দুর্দান্ত, সবচেয়ে নান্দনিক এবং সবচেয়ে বড় কাজ।
প্রসঙ্গত, ক্রপ মোজাইক ফিল্ড ওয়ার্ল্ড রেকর্ডে ইতিমধ্যেই ব্রিটেন, জাপান, ভারতের রেকর্ড ভেঙে বর্তমানে চীন অবস্থান করে নিয়েছে। তবে কোনও দেশই শস্যচিত্রে জাতির জনককে তুলে ধরতে পারেনি। মনে করা হচ্ছে, গিনেস বুকে নাম লেখানোর মাধ্যমে অনন্য ইতিহাস গড়ার পথে বাংলাদেশ।
