
‘আমার জমা দেওয়া ছবি আসল, পর্যাপ্ত প্রমাণ আছে আমার কাছে’ – ডি রূপা
‘ঘটনার ওপর ভিত্তি করেই আমি রিপোর্ট জমা দিয়েছি, আমার কাছে পর্যাপ্ত প্রমাণ আছে’।সাফ জানালেন কর্ণাটকের কারা বিভাগের প্রাক্তন ডিআইজি ডি রূপা। বেঙ্গালুরুর জেলে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক শশীকলা। এই অভিযোগ সহ জেলের ভিতর নানা অব্যবস্থার চিত্র তুলে রিপোর্ট জমা দিয়েছিলেন রূপা। আর সেই কাজের ‘পুরস্কার’ হিসেবে মিলেছে ‘রুটিন বদলি’। তাতে অবশ্য এতটুকুও বিচলিত নন রূপা। টাইমস নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন, ১৭ বছরের কর্মজীবনে এই নিয়ে তাঁকে বদলি হতে হয়েছে ২৬ বার।
জেলে কী কী সুবিধা পাচ্ছেন শশীকলা? ডি রূপা বলছেন, পাঁচটি ঘর সহ একটি করিডোর জেলে বসেই ভোগ করছেন শশীকলা। তাঁর রান্নার জন্য রয়েছেন পৃথক রাঁধুনি। ঘরে খাট, এলইডি টিভি সহ রয়েছে বিলাস বৈভবের নানা উপকরণ। রূপা জানাচ্ছেন, শশীকলা ক্লাস ওয়ান বা ক্লাস এ বন্দি নন। তিনি একজন সাধারণ বন্দি। তাই আইনত এই ধরণের সুবিধা তিনি ভোগ করতে পারেন না। আর এই সবেরই ছবি সহ প্রমাণ রয়েছে বলেই এই সাক্ষাৎকারে দাবি করেছেন রূপা।
