
কোন কোন ধারাবাহিক আছে জনপ্রিয়তার শীর্ষে?
মাঝে লড়াইটা একমুখী হয়ে যাচ্ছিল। ফের কড়া টক্কর শুরু হয়েছে। কথা হচ্ছে, বাংলা বিনোদনের প্রধান দুটি টিভি চ্যানেল নিয়ে—জি বাংলা আর স্টার জলসা। বিগত এক-দেড় বছরে জি বাংলার একের পর এক ধারাবাহিকের জনপ্রিয়তার ধাক্কায় অনেকটাই পিছিয়ে পড়েছিল স্টার জলসা। এখনো অবধি টিআরপি-র বিচারে জি বাংলারই কর্তৃত্ব চলছে। কিন্তু স্টার জলসারও ঘুরে দাঁড়ানোর ছবি স্পষ্ট হচ্ছে বলেই জানাচ্ছে ওয়াকিবহাল মহল।
এমনিতে, ১৫+ আরবান টিআরপি-র তালিকায় প্রথম তিনে আছে জি বাংলারই তিনটি ধারাবাহিক। একে ‘কৃষ্ণকলি’ (রেটিং ১০.২), তারপরে ‘জয় বাবা লোকনাথ’ ও ‘করুণাময়ী রাণী রাসমণি’। ‘ত্রিনয়ণী’ আর ‘বকুলকথা’ ৭.৩ রেটিং নিয়ে যুগ্মভাবে রয়েছে চতুর্থ স্থানে। এ দুটিও জি বাংলারই ধারাবাহিক। প্রথম দশে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘কে আপন কে পর’ এবং ‘ফাগুন বউ’। ‘কলের বউ’ এবং ‘মহাপীঠ তারাপীঠ’-এর টিআরপি-ও ঊর্ধ্বমুখী। যে-কোনো দিন ঢুকে পড়তে পারে সেরা দশের তালিকায়।
জিআরপি-র বিচারে এখনো অনেকটাই এগিয়ে জি বাংলা। তাদের জিআরপি ৬৭৯, স্টার জলসার জিআরপি সেখানে ৪৪২। তবে, এই ব্যবধান মাঝে অনেকটাই বেড়ে গিয়েছিল। স্টার জলসা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে এই ব্যবধান কমে ১০০-র নিচেও নেমে আসতে পারে। বাংলার প্রধান দুই বিনোদন চ্যানেলের মধ্যে এই সুস্থ প্রতিযোগিতা ইন্ডাস্ট্রির পক্ষে সুখবর বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। একমেরু ইন্ডাস্ট্রি কখনোই স্বাস্থ্যকর নয়। ঠিকমতো পারিশ্রমিক না মেলা নিয়ে বিপর্যস্ত টলিউডে এখন আশার আলো দুই বড়ো চ্যানেলের সিরিয়ালের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তাই।
