সাহিত্য পরিষদ নিয়ে হতাশ শঙ্খ ঘোষ

‘সেই অর্থে গৌরবচেতনা আমাদের আছে বলে মনে হয় না!’ – শঙ্খ ঘোষ

‘এই দিনটি শুধু এই প্রতিষ্ঠানের গৌরব নয়, গোটা জাতির গৌরব। তবে সেই অর্থে গৌরবচেতনা আমাদের আছে বলে মনে হয় না!’ – বঙ্গীয় সাহিত্য পরিষদের ১২৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার এই কথা বলেন কবি শঙ্খ ঘোষ। তাঁর খেদ, মানুষের অজ্ঞতা ও উদাসীনতার শিকার হয়েছে এই প্রতিষ্ঠান।

১৮৯৩ সালের ৮ শ্রাবণ রাজা নবকৃষ্ণ স্ট্রিটে বিনয়কৃষ্ণ দেবের বাড়িতে প্রতিষ্ঠিত হয় ‘বেঙ্গল একাডেমি অফ লিটারেচার।’ পরে, নাম বদলে ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ হলেও, প্রতিষ্ঠার দিন হিসেবে ৮ শ্রাবণ তারিখটিকেই ধরা হয়। প্রতিষ্ঠানটি পরে আচার্য প্রফুল্লচন্দ্র রোডে স্থানান্তরিত হয়।

এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, নবীনচন্দ্র সেন, রমেশচন্দ্র দত্ত, হরপ্রসাদ শাস্ত্রী, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, যদুনাথ সরকারের মতো ব্যক্তিরা। বর্তমানে সেই ঐতিহ্য রক্ষায় অনাগ্রহ দেখে শঙ্খ ঘোষের খেদ, ‘এই মহৎ প্রতিষ্ঠানের মহত্ত্ব যে আমরা টের পাই, তা নয়। এটা দুঃখের ঘটনা। বাইরে যে-বিরাট জ্ঞানী সমাজ পড়ে আছে, তার সঙ্গে এর যোগাযোগ খুব কম। এই অবস্থায় আমরা শপথ নিতে পারি, যে যতটা পারি, এই প্রতিষ্ঠানকে রক্ষা করার চেষ্টা করব।’ অনুষ্ঠানে উপস্থিত অন্যেরাও সমর্থন করেন তাঁকে।

Developed by DXDasia