
আজ শংকরের জন্মদিন
শংকর বাংলা সাহিত্যের সবথেকে জনপ্রিয় লেখকদের অন্যতম, যাঁর পারিবারিক নাম মণিশংকর মুখোপাধ্যায়। একটা সময় ছিল, যখন, লিখতে পড়তে জানে অথচ ‘চৌরঙ্গী’ পড়েনি, এমন বাঙালি খুঁজে পাওয়া খুব কঠিন হত। শংকরের দু’টি উপন্যাস থেকে সত্যজিৎ রায় সিনেমা বানিয়েছেন – ‘সীমাবদ্ধ’ এবং ‘জন অরণ্য’। আজ শংকরের জন্মদিন।
মণিশংকর মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল যশোরের বনগাঁয়, ১৯৩৩ সালে। তাঁর ছোটোবেলা কেটেছিল হাওড়া শহরে, কারণ, বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই এই শহরে এসে বসবাস শুরু করেন। কর্মজীবনের শুরুতে অনেক রকমের পেশার অভিজ্ঞতা হয়েছিল তাঁর। টাইপরাইটার ক্লিনার, ফেরিওয়ালা, প্রাইভেট টিউটর, কেরানি, শিক্ষক – অনেক ভূমিকায় তাঁকে দেখা গেছে এক সময়ে। কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও কাজ করেছেন। নোয়েল বারওয়েলই তাঁকে সাহিত্যচর্চায় উৎসাহিত করেন। পরবর্তীকালে শংকর বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদে নিজের দক্ষতায় সবাইকে মুগ্ধ করেছেন।
কর্মজীবনের এত বিচিত্র অভিজ্ঞতা – সবই তাঁর সৃষ্টির ইন্ধন হয়ে উঠেছে। শংকরের প্রথম বই প্রকাশিত হয়েছিল ১৯৫৫ সালে। ‘কত অজানারে’ প্রকাশিত হওয়ার পর তাঁর খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ে। তাঁর উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনে নির্মিত সিনেমা বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দকে নিয়েও তিনি লিখেছেন। শংকর বর্তমানে কলকাতার শেরিফ।
