কলকাতার নতুন শেরিফ হতে চলেছেন সাহিত্যিক শংকর

আগামী সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এই পদের দায়িত্ব নেবেন

নতুন শেরিফ পেতে চলেছে মহানগর। কলকাতা হাইকোর্টের মনোনয়ন অনুযায়ী আগামী সোমবার কলকাতা শহরের নতুন শেরিফ পদের দায়িত্ব নেবেন বিশিষ্ট সাহিত্যিক শংকর ওরফে মণিশংকর মুখোপাধ্যায়। চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায় এর আগে কলকাতার শেরিফের পদ অলঙ্কৃত করেছিলেন। 

১৭৭৪ সালের ২৬ মার্চ কলকাতার শেরিফের পদটি চালু করেছিলেন ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ। মহানগরের প্রথম শেরিফ ছিলেন জেমস ম্যাকর্যাাবে, তাঁকে নিয়োগ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। সুনীল গঙ্গোপাধ্যায়, রঞ্জিত মল্লিকের মতো কলকাতার বিশিষ্ট নাগরিকরা এক সময়ে এই শহরের শেরিফের দায়িত্ব সামলেছেন। 

লেখক শংকর কর্মজীবনে ফেরিওয়ালা, টাইপরাইটার ক্লিনার, প্রাইভেট টিউশন, শিক্ষকতার মতো নানা রকমের পেশাকে গ্রহণ করেছেন। এক সময়ে কাজ করেছেন কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনে। তাঁর লেখা ‘চৌরঙ্গী’, ‘কত অজানারে’, ‘সীমাবদ্ধ’, ‘জনঅরণ্য’-র মতো উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। 
 

Developed by DXDasia