
নওয়াজের জায়গায় আপাতত অস্থায়ী প্রধানমন্ত্রী
২৪ ঘণ্টা আগেও উত্তরটা যত সহজ মনে হচ্ছিল, এখন বোঝা যাচ্ছে তা নয়। নওয়াজ শরিফের পরে কে পাকাপাকি ভাবে বসবেন প্রধানমন্ত্রীর চেয়ারে তা এখনও নিশ্চিত নয়। তবে যতক্ষণ না তা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন দেশের পেট্রোলিয়ামমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। শরিফের সিদ্ধান্ত মেনেই তাঁকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হচ্ছে বলে খবর। ৪৫ দিন তিনি এই পদে থাকবেন। তার মধ্যে নির্বাচনে জয়ী হয়ে শরিফের চেয়ারে বসার কথা নওয়াজের ভাই শাহবাজ শরিফের। পরিকল্পনা নাকি সেরকমই।
আব্বাসকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা ছিল। কারণ পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)–এর নেতা-মন্ত্রীদের একটি অংশ খোয়াজা মহম্মদ আসিফকে এই পদে বসাতে চাইছিল। শেষ পর্যন্ত অবশ্য শাহবাজ শরিফের নামই চূড়ান্ত হয়।
২০১৫–র পানামা পেপার্স মামলায় শুক্রবার নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করে পদ থেকে ইস্তফা দিতে বলে পাক সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্ত মেনেই শুক্রবারই নিজের পদ থেকে ইস্তফা দেন নওয়াজ শরিফ।
