
আজ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ৭৩তম জন্মদিন
ভিক্টর বন্দ্যোপাধ্যায় এমন একজন অভিনেতা, যিনি বাংলা, ইংরেজি, অসমিয়া, হিন্দির মতো নানান ভাষার ছবিতে অভিনয় করে দর্শকের মুগ্ধ করেছেন; কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, রোমান পোলানস্কি, ডেভিড লিনের মতো পরিচালকের সঙ্গে। আজ তাঁর ৭৩তম জন্মদিন।
এক জমিদার পরিবারে জন্ম নিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। ১৯৮৪ সালে ডেভিড লিনের পরিচালনায় ‘আ পাসেজ টু ইন্ডিয়া’ ছবিতে ডাঃ আজিজ আহমেদের চরিত্রে তাঁর অভিনয় সারা পৃথিবী জুড়ে দর্শকদের প্রশংসা লাভ করে। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কি খিলাড়ি’, ‘পিকু’ ছবিতে অভিনয় করেছেন দাপটের সঙ্গে। বাংলা মূল ধারার ছবিতেও কাজ করেছেন। ‘আগুন’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘প্রতিকার’, ‘একান্ত আপন’-এর মতো বহু ছবিতে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয় নায়ক।
এবছর গ্রীষ্মকালে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই গুজব ওঠে, ভিক্টর বন্দ্যোপাধ্যায় নাকি পরলোক গমন করেছেন। নেট দুনিয়ায় তাঁর ফেক মৃত্যুসংবাদ ভাইরাল হয়ে ওঠে। গুজবের জেরে উইকিপিডিয়ার তাঁর মৃত্যুর খবর আপডেট করা হয়। সেখানে দেওয়া হয়, ২০১৯ সালের ২৩ জুন ভিক্টর ব্যানার্জির মৃত্যু ঘটেছে। শেষ পর্যন্ত এই বর্ষীয়ান অভিনেতাই নিজেই জানান, তিনি সুস্থ এবং ভালো আছেন। দুশ্চিন্তা কাটে নেটিজেনদের। মৃত্যুর সেই গুজবকে তুড়ি মেরে উড়িয়ে আজ আরেক জন্মদিনে পড়লেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়।
